ফের পর্দায় ফিরছে লাল্টু, কী হবে তাঁর পদবী ও পেশা, শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবি ‘হামি ২’-র প্রথম ঝলক প্রকাশ্যে

ফিরছে লাল্টু, তবে এবার আর দত্ত বা বিশ্বাস পদবী নিয়ে নয়। নতুন ছবি, তাই নতুন পদবী। নতুন এই ছবির নাম ‘হামি ২’। নেপথ্যে সেই শিবপ্রসাদ-নন্দিতার জুটি।

অন্যান্য বারের মতো এবারও লাল্টুর চরিত্রে দেখা যাবে খোদ শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেই। নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে আজ, মঙ্গলবার থেকেই ‘হামি’র সিক্যুয়েল ‘হামি ২’-এর শুটিং শুরু হচ্ছে। গতকাল রাতেই এর প্রথম ঝলক শেয়ার করেন শিবপ্রসাদ।

ফেসবুকে লাল্টু বেশে নিজের ছবি পোস্ট করেছেন শিবপ্রসাদ। এর সঙ্গে লিখেছেন, “তৃতীয়বার লাল্টু। পদবি ও পেশা চমক রইল। কাল থেকে শ্যুটিং শুরু। আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি”। এই পোস্টের নীচে হ্যাশট্যাগে জুড়লেন ছবির নাম, ‘হামি ২’।

এর আগে ‘রামধনু’ ও ‘হামি’ ছবিতে  লাল্টু নামের চরিত্রে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ। ‘রামধনু’তে তাঁর চরিত্রের নাম ছিল লাল্টু দত্ত ও তাঁর ছিল ওষুধের ব্যবসা। আর ‘হামি’ ছবিতে শিবপ্রসাদের চরিত্রের নাম ছিল লাল্টু বিশ্বাস ও তাঁর ছিল ফার্নিচারের দোকানের ব্যবসা।

তবে ‘হামি ২’-তে লাল্টুর পদবী বা তাঁর পেশা কী হবে, তা এখনও খোলসা করেন নি পরিচালক। ছবি মুক্তি পাওয়ার পরই সেই তথ্য জানা যাবে বলে জানিয়েছেন শিবপ্রসাদ-নন্দিতার জুটি। তবে সেই একই মেকআপ ও সাজে ফের পর্দায় ফিরছে লাল্টু।

RELATED Articles