তামিলনাড়ুর পেরামবালুরে গাড়ি চালান এম প্রভু। সম্প্রতি তাঁর ভিডিওই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক বাঁদরছানার মুখে মুখ দিয়ে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা ফুটে উঠেছে সেই ভিডিওতে।
জানা গিয়েছে, সেই বাঁদরছানাটিকে কুকুরে তাড়া করেছিল। সেটিকে কামড়ও বসায় কুকুরগুলো। প্রাণভয়ে বাঁদরছানাটি এক কাঁটাগাছে উঠে পড়ে। এরপর প্রভু ওই বাঁদরছানাটিকে কুকুরদের কবল থেকে রক্ষা করেন।
তবে ততক্ষণে বাঁদরছানাটি অচৈতন্য হয়ে পড়েছে। প্রথম তাকে জল দেন প্রভু। এরপর বাইকে করে তাকে এক পশু চিকিৎসকের কাছে নিয়ে যান।
কিন্তু রাস্তায় যাওয়ার পথেই তিনি বুঝতে পারেন যে বাঁদরছানাটি ক্রমেই মৃত্যুর মুখে ঢলে পড়ছে। এই কারণে মাঝপথে বাইক থামিয়ে প্রথমে তার বুকে পাম্প করেন। কিন্তু সাড়া না মেলায় বাঁদরটির মুখে মুখ দিয়ে শ্বাস ফেরানোর চেষ্টা করেন প্রভু।
A 38-year-old man from #Perambalur tried to resuscitate a wounded monkey by breathing into its mouth. @NewIndianXpress @xpresstn #humanitywithheart pic.twitter.com/iRMTNkl8Pn
— Thiruselvam (@Thiruselvamts) December 12, 2021
সংবাদমাধ্যমকে প্রভু জানান, “আমি প্রথমে ওকে বাঁচিয়ে জল দি। কিন্তু জল খেতে পারছিল না। মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু এটিকে একলা জঙ্গলে ছেড়ে আসতে মন চাইছিল না। কোনও কিছু না ভেবেই মুখে মুখ দিয়ে শ্বাস ফেরানোর চেষ্টা করি। তবে যখন সেটিকে হাসপাতালে নিয়ে যাই, ভেবেছিলাম হয়তো মারাই গিয়েছে। কিন্তু ইঞ্জেকশন দিয়ে, গ্লুকোজ খেয়ে আবার জ্ঞান ফিরে পেয়েছে”। বলে রাখি, ২০১০ সালে থাঞ্জাভুর থেকে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।






