গত ২৬শে আগস্ট কোল আলো করে জন্ম নিয়েছে ঈশান জাহান। তারপর থেকেই নাওয়া খাওয়া ভুলেছেন নতুন মা নুসরাত জাহান। এখন সাংসদ-অভিনেত্রী ছাড়াও নতুন পরিচয় হয়েছে তার। আর এবার সকল বিতর্কের অবসান ঘটালেন নিজেই, জানিয়ে দিলেন বাবার নাম।
এদিন নিজের নতুন অনুভূতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন টেলিপাড়ার এই জনপ্রিয় নায়িকা। সঙ্গে স্পষ্ট করে জানিয়ে দিলেন যশই তাঁর ছেলের ‘বাবা’। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নীচে হ্যাশট্যাগ “ড্যাডি” বলেছেন অভিনেত্রী। এতদিন পিকচার কার্টেসি শুধু যশ ছিল। আজ তাঁর জায়গায় এসেছে ‘ড্যাডি’। অর্থাৎ শেষমেশ নিজেদের সম্পর্কে সিলমোহর লাগালেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে তাতে ক্যাপশন দিয়ে অভিনেত্রী যা লেখেন তাঁর বাংলা অর্থ হয়, ‘নতুন ভূমিকা, নতুন লুক, মা হিসাবে নতুন জীবন’। পাশাপাশি তিনি লেখেন, ‘তাদের থেকে সমালোচনা গ্রহণ কোরো না যাদের থেকে তুমি উপদেশ নেবে না।’
এরই সঙ্গে অভিনেত্রীর ছবিতে মাম্মি গ্লো চোখে পড়ল। মা হওয়ার পর মুখে এক অন্যরকম জৌলুস চোখে পড়েছে অভিনেত্রীর।নতুন হেয়ারকাটে লাগছেও তাকে বেশ। তবে এদিন অভিনেত্রী ছবি থেকেও বেশি নেটিজেনদের চোখ ছিল তাঁর ক্যাপশনে। এদিন পিকচার কার্টেসি দিয়ে “হ্যাশট্যাগ ড্যাডি” লেখা সকলেরই নজরে পড়েছে।
ফের সোশ্যাল মিডিয়ায় চর্চার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন টলিউডের এই জনপ্রিয় নায়িকা। ক্যাপশনে নিন্দুকদের খোঁচা মারলেন অভিনেত্রী। তবে তাঁর এই নিন্দুকদের তালিকায় প্রাক্তন স্বামী নিখিল জৈন রয়েছে কিনা! তা নিয়ে উঠছে প্রশ্ন। আদতে কার উদ্দেশ্যে অভিনেত্রী ক্যাপশনটি লিখেছেন তা নিয়ে জল্পনা চলছে নেটপাড়ায়। অনেকেই অভিনেত্রীর পোস্ট দেখে নানা মন্তব্য করেছেন। কেউ লিখেছেন সুন্দর দেখাচ্ছে। অনেকে আবার অভিনেত্রীর সুন্দরতার মাঝেই প্রশ্ন করেছেন, ড্যাডি’র কী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই?’ অনেকে আবার জিজ্ঞেস করেছেন, ‘কার ড্যাডি! বাচ্চার না তোমার?’ অনেকে বলেছেন, কর্মা ফিরে আসে। এই রকমই নিন্দুকদের মন্তব্যে ভরে গিয়েছে অভিনেত্রীর পোস্ট। পাশাপাশি ছবিতে অনেকেই অভিনন্দনের পাশাপাশি তাঁকে সুন্দর দেখাচ্ছে বলেও মন্তব্য করেছেন।
এরই সঙ্গে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী নিজের ছবি দিয়ে লেখেন, নিদ্রাহীন রাত ও দিন। অভিনেত্রীকে দেখে বোঝাই যাচ্ছে সন্তানের কারণে দিন রাত জেগে থাকতে হচ্ছে তাঁকে। কিন্তু সেটাও পুরো দমে উপভোগ করছেন অভিনেত্রী। তবে এদিন সোজাসুজি না হলেও সকলের ধারণা যশকেই বাবার স্বীকৃতি দিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram





