সুশান্ত সিং রাজপুতের আত্মহননের (suicide) পর থেকেই মৃত অভিনেতার পরিবার ও সিবিআই-এর নজর গিয়ে পড়েছিল অভিনেতার তৎকালীন বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea chakravarti) উপর। মৃত অভিনেতার ভক্তকুল তো ধরেই নিয়েছিল রিয়াই খুন করেছেন সুশান্তকে। তবে খুনের তত্ত্ব উড়িয়ে সিবিআই নিযুক্ত এইমস-এর চিকিৎসকদের প্যানেল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে- খুন নয়, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত (sushant Singh rajput)।
অনেকের এমন অভিমত ছিল সুশান্তের কোনও দোষ ছিল না। রিয়াই জোর করে সুশান্তকে ড্রাগ নিতে বাধ্য করতেন। আর এই মাদক মামলায় ইতিমধ্যেই একমাসের কাছাকাছি জেল ছিলেন রিয়া চক্রবর্তী।
গতকাল অর্থাৎ বুধবারই শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন অভিনেত্রী আর আজকেই সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফরেনসিক অডিট (forensic audit of bank account) করার পরেও এমন কোনও প্রমাণ হাতে আসেনি যেখান থেকে বলা যেতে পারে সুশান্ত সিং রাজপুত-এর টাকা আত্মসাৎ করে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন বান্ধবী তথা সুশান্তের মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী।
জানা গিয়েছে গত পাঁচ বছরে রাজপুতের অ্যাকাউন্টের মাধ্যমে ৭০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। এত কোটি টাকার মধ্যে মাত্র ৫৫ লক্ষ টাকাই খরচ হয়েছিল রিয়ার জন্য। বিশেষ সূত্রে খবর- এই টাকার বেশিরভাগই ভ্রমণ, স্পা এবং উপহার সামগ্রী কিনতে ব্যয় করা হয়েছিল। তবে রিয়ার বিরুদ্ধে এখনও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা জারি থাকলেও অভিনেতার আর্থিক সম্পত্তি নয়-ছয়ের তেমন কোনও প্রমান এখনও মেলেনি। আপাতত সুশান্তের আত্মহত্যার একাধিক কারণগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন তদন্তের সাথে যুক্ত এক আধিকারিক। উল্লেখ্য ইতিপূর্বে বিহার পুলিশের কাছে দায়ের করা এফআইআরে প্রয়াত অভিনেতার বাবা কেকে সিং দাবি করেছিলেন সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা গায়েব হয়েছে। যা কোন খাতে গিয়েছে তার হদিশ জানা নেই পরিবারের।
তাৎপর্যপূর্ণ ভাবে সুশান্ত সিং রাজপুতের আর্থিক লেনদেনের একটা বড় অংশই খরচ হয়েছে একাধিক সম্পত্তি কেনা, বাইক কিংবা পছন্দের গাড়ি কেনা, কর্মচারীদের বেতন দেওয়া এবং বিভিন্ন কর মেটানোর উদ্দেশ্যে। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেস পরিবর্তনের জন্য মৃত্যুর সপ্তাহখানেক আগেই ব্যাঙ্ক কর্মীর সঙ্গে যোগাযোগ করেছিলেন সুশান্ত, সেই কারণ অবশ্য এখনও জানা যায়নি। উল্লেখ্য বান্দ্রার সেই বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টিতে সুশান্তের সঙ্গে যৌথভাবে নাম রয়েছে তাঁর দিদি প্রিয়াঙ্কা সিংয়ের (Priyanka Singh)।
সিবিআই সূত্রে খবর বলিউডে পেশাদারি প্রতিদ্বন্দ্বিতা নাকি মানসিক অবসাদ, রিয়ার প্রত্যক্ষ কোনও ভূমিকা অথবা ইন্ডাস্ট্রির নেপোটিজম- ঠিক কী কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন সুশান্ত তাই আপতত খতিয়ে দেখবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।





