ছোটবেলায় আমরা সকলেই WWE দেখতে খুব ভালবাসতাম। বাতিস্তা, রন্ডি অরটন, ট্রিপল এইচ, দ্যা রক, আন্ডারটেকার নামগুলো ঘোরাফেরা করত আমাদের মুখে মুখে। তবে সবচেয়ে জনপ্রিয় ছিলেন জন সিনা। ঢোলা ঢোলা ডেনিম বারমুডা পরে তিনি যেভাবে অনায়াসে প্রতিদ্বন্দ্বীকে ধরে ধোবিপাট করে দিতেন তা দেখে আমরা বড়ই মজা পেতাম।
এবার লকডাউন-এর মধ্যেই বিয়ে সেরে ফেললেন জন। পাত্রী শে শাহরিয়াজদেহ। এই খবর প্রকাশে আসতেই তার মহিলা অনুরাগীদের মনে জমেছে দুঃখ। তবে জন সিনা কিন্তু নিজের মুখে বিয়ের কথা বলেননি। স্থানীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে জন এবং শে নতুন জীবন শুরু করেছেন।
শোনা যায়, ২০১৯ সালের গোড়া থেকেই নাকি শে শাহরিয়াজদেহের সঙ্গে ডেট করতে শুরু করেন জন। কিন্তু আগের সম্পর্ক গুলো খুব একটা সুমধুর না হওয়ায় শের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি জন।
সম্প্রতি ফ্লোরিডাতে বাগদান পর্ব সেরেছিলেন দু’জনে এবং সেই সময়ই রেজিস্ট্রির জন্য আবেদন করেছিলেন। বাগদানের এক সপ্তাহ পরেই শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন করলেন জন এবং শে। তাদের নতুন জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা।





