সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু তদন্তের ভার যেতে পারে সিবিআইয়ের হাতে। এমনটাই জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিগত দেড় মাস জুড়ে সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর দেশজুড়ে একটাই দাবি যে এই অস্বাভাবিক মৃত্যু তদন্তের ভার সিবিআইকে দিতে হবে। যদিও মুম্বাই পুলিশ বারংবার জানাচ্ছে যে তারা নিজেরাই এর জন্য যথেষ্ট কিন্তু তা সুশান্তের অনুরাগীরা মানতে রাজি নয়। সুশান্তর অনুরাগীরা বারবার প্রশ্ন তুলছেন যে যেখানে এত ছবি ও ভিডিও থেকে স্পষ্ট যে এটা সাধারণ আত্মহত্যা নয় তবে মুম্বাই পুলিশ কেন এই বিষয়টির তদন্ত ভার সিবিআইকে দিচ্ছে না।
এছাড়াও সুশান্তের পরিবার রিয়া চক্রবর্তী ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানালেও এখনো সিবিআই হস্তক্ষেপ নিয়ে কোনো রকম মন্তব্য করেনি। তবে সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে মুখ খোলায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, নীতিশ কুমার বলেছেন যদি সুশান্তের পরিবার অনুমতি দেয় তবে তদন্তের ভার সিবিআইকে দেওয়া যেতে পারে। সুশান্তের বাবা যদি রাজ্য সরকারের কাছে নিজের ছেলের মৃত্যুর দাবি রাখেন তবেই সিবিআই তদন্তের বিষয় ভাবা যেতে পারে। পরিবারের সদস্যদের মতামত এতে প্রয়োজন। এই কথা স্পষ্ট জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় যখন সুশান্তের দিদি শ্বেতাকে প্রশ্ন করা হয় যে কেন তাদের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে না তখন এর জবাবে শ্বেতা লেখেন, “আমরা মুম্বই পুলিশের তদন্তের শেষ হওয়ার অপেক্ষা করছি। তারা তদন্তের পর কী সিদ্ধান্তে পৌঁছয় সেটা দেখেই পরবর্তী পদক্ষেপ নেব।”
সিবিআই তদন্তের জন্য সুশান্তের এক ভক্ত নিজ উদ্যোগে দিল্লির রাস্তায় রাস্তায় সিবিআই তদন্তের হোর্ডিং টাঙিয়েছেন। সেই ভক্তের নাম রবি তিওয়ারি। সেই হোর্ডিংয়ে স্পষ্ট লেখা রয়েছে, “সুশান্তের হত্যার জন্য সিবিআই তদন্ত চাই।” সুশান্তর ভক্তরা কোনোভাবেই মানতে নারাজ যে তিনি আত্মহত্যা করেছেন। তাদের সাফ দাবি সুশান্তকে হত্যা করা হয়েছে আর এই হত্যা মামলার তদন্তের জন্যই সিবিআই হস্তক্ষেপ দরকার।





