‘আমি সেই ক্যাটাগরির অভিনেতা নই, নায়ক নয়, কন্টেন্ট সিনেমা টানে! দেবের স্টারডমকে কুর্নিশ জানিয়েও চ্যালেঞ্জ যিশুর’

এই পুজোয় বক্স অফিসে মুখোমুখি হতে চলেছে টলিউডের দুই বহু প্রতীক্ষিত ছবি। একদিকে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী ২: দ্য গোল্ডেন ডাকু’, অন্যদিকে দেব ও শুভশ্রীর জুটি অভিনীত ‘দেশু৭’। ‘বহুরূপী ২’-তে যিশু সেনগুপ্ত ও সোহিনী সরকারকে নতুন জুটি হিসেবে দেখা যাবে। দেব ও শুভশ্রীর জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন ঘিরেও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ।

দেবের ছবির সঙ্গে একই সময়ে নিজের ছবি মুক্তি পাওয়া নিয়ে অবশ্য কোনও চাপ নেই যিশুর। তাঁর মতে, শেষ পর্যন্ত সিনেমার ভাগ্য ঠিক করে তার গল্প এবং বিষয়বস্তু। অভিনেতার বক্তব্য, দর্শক তাঁর ছবি পছন্দ করছেন কি না কিংবা দেবের ছবি কতটা পছন্দ করছেন, সেটাই আসল বিষয়। শুরুতে তারকা অভিনেতা বা অভিনেত্রীকে ঘিরে উন্মাদনা থাকলেও সিনেমা এগোতে থাকলে দর্শকের নজর মূলত গল্পের দিকেই চলে যায় বলে মনে করেন তিনি।

যিশুর কথায়, ছবির প্রথম কয়েক মিনিটে দর্শক নায়ক-নায়িকার উপস্থিতি উপভোগ করেন। তারপর ধীরে ধীরে গল্পই তাঁদের ধরে রাখে। তাই দেবের সঙ্গে তুলনার বদলে নিজের ছবির বিষয়বস্তু নিয়েই বেশি আত্মবিশ্বাসী তিনি। যিশু স্পষ্ট করে দিয়েছেন, বক্স অফিসের লড়াইয়ে তাঁর কাছে তারকার জনপ্রিয়তার চেয়ে সিনেমার কনটেন্ট বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণেই দেবের মতো বড় তারকার সঙ্গে ছবি মুক্তি পেলেও তিনি কোনওরকম দুশ্চিন্তায় নেই।

দেবের জনপ্রিয়তা নিয়েও কোনও রাখঢাক করেননি যিশু। বরং অভিনেতার সুপারস্টার ইমেজকে যথেষ্ট সম্মান করেন তিনি। মজার ছলে যিশু বলেন, পর্দায় দেবের এন্ট্রি দেখলে তিনিও সিটি দেবেন, এমনকী টাকা ছুড়তেও পারেন। তবে একইসঙ্গে তাঁর বক্তব্য, তাঁকে দেখে প্রেক্ষাগৃহে দর্শক টাকা ছুড়বেন, এমন জায়গায় তিনি নিজেকে দেখেন না। কারণ তিনি দেবের মতো সেই ধরনের বাণিজ্যিক সুপারস্টার নন।

আরও পড়ুনঃ ‘সনাতন ধর্ম এত সংকীর্ণ নয়’, বাঙালির আমিষ নিয়ে বাগেশ্বর বাবাকে উচিৎ জবাব মেখলার

যিশুর এই মন্তব্য থেকেই বোঝা যায়, দেবের বিশাল ফ্যানবেস নিয়ে তাঁর কোনও সংশয় নেই। বরং নিজের অভিনয় এবং ছবির গল্পের উপর ভরসা রেখেই পুজোর লড়াইয়ে নামছেন তিনি। ‘বহুরূপী ২’-তে যিশু ও সোহিনী ছাড়াও শিবপ্রসাদ ও কৌশানির জুটিকে দেখা যাবে। অন্যদিকে দেব ও শুভশ্রীর ছবির ঝলক এবং গান ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। ফলে পুজোর বক্স অফিসে দুই ছবির লড়াই যে বেশ জমজমাট হতে চলেছে, তা বলাই যায়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর