জি বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো হল ‘দাদাগিরি’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থাপনায় এই শো এক অন্য মাত্রা পেয়েছে। এই গেম শো-তে আমজনতার পাশাপাশি খেলতে আসেন নানান তারকারাও। খেলা চলার পাশাপাশি চলে দেদার আড্ডাও।
এমনই বর্ষবরণের রাতে দাদাগিরিতে এসেছিলেন গায়িকা জোজো মুখোপাধ্যায়। খেলতে আসা তারকাদের সঙ্গে বেশ জমিয়ে আড্ডা বা ঠাট্টা-ইয়ার্কি করার কোনও সুযোগ এমনিতে সৌরভ ছাড়েন না। এমনই এক ঘটনা ঘটল এবার সেদিনের পর্বে।
এদিনের পর্বে সুপারম্যানের পোশাক পরে খেলতে এসেছিলেন এক তরুণ। লিকপিকে চেহারা তাঁর। তিনি একটি ডাম্বল তুলতে গিয়ে হিমশিম খেয়ে যান। সুপারম্যান হয়েও ডাম্বল তুলতে পারছেন না, এমন ঘটনায় সকলে বেশ মজা করতে থাকেন। এমন সময় জোজো সৌরভকে বলেন, “দাদা আমি এই সুপারম্যানকে বাড়ি নিয়ে যেতে চাই”।
এরপরই এগিয়ে আসেন জোজো। আর সকলকে অবাক করে নিজেই এক হাতে তুলে নেন ডাম্বলটি। তা দেখে অবাক হয়ে যান দাদা নিজেই। তবে সুপারম্যান ও জোজোর এমন হাসি মজার ঘটনা সকলে চুটিয়ে উপভোগও করেন।
View this post on Instagram
প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিতে জোজোকে সকলে মিস জোজো বলেই চেনেন। অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়ের কন্যা তিনি। ছোটো থেকে মা-বাবার কাছেই গানে হাতেখড়ি তাঁর। নানান ছবিতে অসংখ্য গান গেয়েছেন তিনি। এখন তাঁকে সেভাবে স্টেজ শো করতে দেখা না গেলেও, জোজোর জনপ্রিয়তা কিন্তু হ্রাস পায়নি।





