দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কবীর সুমন, কী বললেন গায়ক?

সম্প্রতি মুক্তি পেয়েছে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ও অভিনেতা দেবের প্রযোজনা সংস্থার ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। এই ছবিতে অভিনয় করেছেন শ্বাশত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়ের মতো তাবড় তাবড় অভিনেতারা। এই ছবি নিয়েই এবার দেবের বিরুদ্ধে অভিযোগ আনলেন গায়ক তথা সুরকার কবীর সুমন।

এই ছবির গানে সুর দিয়েছেন কবীর সুমনই। এই ছবিতে যে গান ব্যবহার করা হয়েছে, কবীর সুমনের মনে হয়েছিল যে সেই গান প্রতীক চৌধুরী ছাড়া আর অন্য কেউ গাইতে পারবেন না। তাঁর কথামতোই এই ছবির গান গেয়েছিলেন প্রতীক চৌধুরীই।

কিন্তু এরই মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। কবীর সুমন যখন প্রতীক চৌধুরীর গান এডিট করছিলেন, তাঁর কাছে খবর আসে যে প্রতীক চৌধুরী আর নেই। তিনি মারা গিয়েছেন। স্বভাবতই এই খবর শুনে বেশ আহত হন তিনি।

তবে কবীর সুমনের অভিযোগ, এই ছবির ট্রেলার বা টিজার মুক্তির সময় দেব এন্টারটেনমেন্ট ভেনচারের তরফে একবারও প্রতীক চৌধুরীর নাম উল্লেখ করা হয় নি কেন। বেশ আক্ষেপের সুরেই কবীর সুমন জানান যে এই ছবির গানই প্রতীকের শেষ কাজ ছিল। এই ছবির গান করেই তাঁর মৃত্যু হয়েছে। হয়ত তিনি স্টুডিওর মধ্যে মারা যান নি কিন্তু এই গানই তাঁর শেষ গান ছিল।

তাই কবীর সুমনের অভিযোগ, তাহলে ছবির ট্রেলার মুক্তি পাওয়ার সময় সেকথা কেন একবারও উল্লেখ করা হল না বা প্রতীকের সেই গান দেখানো হল না। এই নিয়ে দেবের প্রযোজনা সংস্থাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-ও শেয়ার করেছেন কবীর সুমন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত দেব বা তাঁর প্রযোজনা সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

RELATED Articles