‘আমি এখন সেলিব্রিটি, আর বাদাম বিক্রি করব না’, বড় ঘোষণা করলেন ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর

তাঁর ‘কাঁচা বাদাম’ গান এখ  সোশ্যাল মিডিয়ায় তুমুল হিট। চারিদিকে এখন যেন ‘বাদাম কাকু’র জয়জয়কার হচ্ছে। বীরভূমের শিল্পী ভুবন বাদ্যকর পেশায় বাদাম বিক্রেতা। তবে তাঁর গাওয়া গানে এখন নেটপাড়ায় হট কেক। রাজ্য বা দেশ তো বটেই, বিদেশের মাটিতেও বাদাম কাকুর এই ‘কাঁচা বাদাম’ গান ছড়িয়ে পড়েছেন। কিছুদিন আগেই রাজ্য পুলিশের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

আজ, বৃহস্পতিবার ইলামবাজারের এক অনুষ্ঠানে হাজির ছিলেন ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর। সেখানে গিয়ে তিনি এক বড়সড় ঘোষণা করেন। বীরভূমের ‘বাদাম কাকু’ জানিয়ে দেন যে তিনি আর বাদাম বিক্রি করবেন না।

এই বিষয়ে তাঁর সাফ মন্তব্য, “আমি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছি। এখন বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, বাদামই বিক্রি হবে না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি, তখন আর আশা করি, বাদাম বিক্রি করতে হবে না”।

‘আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’, এই গান গেয়েই নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছেন বীরভূমের ভুবন বাদ্যকর। তাঁর বাড়িতে এখন সারি সারি মানুষের ভিড় জমে। কেউ তাঁর সঙ্গে দেখা করতে আসেন তো কেউ আবার নিয়ে আসেন উপহার। বার্নপুরের একদল তরুণ-তরুণী ‘বাদাম কাকু’কে পিয়ানো উপহার দিয়েছিলেন।

এরপর শাল, কম্বল, ফুল, মিষ্টি দিয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। উপহার হিসেবে বাদ্যযন্ত্র পেয়ে আবেগে আপ্লুত ভুবনবাবু। নিজের মনের বাসনার কথা প্রকাশ করেন তিনি এদিন। তিনি বলেন যে তিনি গায়ক হতে চান। এবার ‘গোধূলি’ নামে এক মিউজিক কোম্পানি তাঁর সেই দাবী পূরণে এগিয়ে এসেছে। আজ, বৃহস্পতিবার ইলামবাজারে তাদের তরফেই ভুবন বাদ্যকরকে সংবর্ধনা দেওয়া হয়।

ইলামবাজারের অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুবন বাদ্যকর বলেন, “ওরা আমাকে সংবর্ধনা দিল। আর তিন লক্ষ টাকার চুক্তি হয়েছে”। উল্লেখ্য, এদিন একটি চুক্তি স্বাক্ষর করেছেন ভুবন বাদ্যকর। এদিনই তাঁকে দেড় লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। পরে আরও দেড় লক্ষ টাকা দেওয়া হবে ‘বাদাম কাকু’কে।

RELATED Articles