উৎসবের জন্য বেশ মোটা অঙ্কের টাকার চাঁদা চাওয়া হয় যোধপুর পার্কের এক ক্যাফের মালকিনের থেকে। কিন্তু তিনি তা দিতে রাজি হন নি। এরপরই তাঁকে শাসানি-হুমকি দেওয়া হয় যোধপুর পার্ক উৎসবের অন্যতম উদ্যোক্তা বিজয় দত্তের তরফে। এই ঘটনায় ক্যাফের মালকিন লেক থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন যে তিনি নিরাপত্তার অভাবে ভুগছেন।
ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। যোধপুর পার্ক এলাকায় এক নামী ক্যাফে চালান স্বরলিপি চট্টোপাধ্যায়। সেদিন রাতে কয়েকজন তৃণমূল নেতা তাঁর ক্যাফেতে গিয়ে তাঁর ম্যানেজারকে জানায় যে যোধপুর পার্ক উৎসবের জন্য মোটা অঙ্কের চাঁদা দিতে হবে। বুধবারের মধ্যে এই চাঁদা দেওয়ার হুমকি দেওয়া হয়।
এরপর বুধবার রাতের দিকে ক্যাফে বন্ধ হওয়ার সময় সেই তৃণমূল নেতারা ওই ক্যাফেতে যান। কিন্তু মালকিন স্বরলিপি তাদের জানান যে তাঁর আর্থিক সমস্যা চলছে, তিনি টাকা দিতে পারবেন না। এরপরই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। বিজয় দত্ত নামে তৃণমূল নেতা তাঁকে শাসানি দেয় যে তিনি এই এলাকায় কীভাবে ব্যবসা চালান, তা নাকি সে দেখে নেবে।
ভয় পেয়ে স্বরলিপি তাঁর এক বন্ধুর সঙ্গে থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাদের গাড়ির পিছু নেয় ওই নেতারা। যাদবপুর থানায় গাড়ি থামিয়ে পুলিশের সাহায্য নিয়ে লেক থানায় পৌঁছন স্বরলিপিরা। সেখানে বিজয় দত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু স্বরিলিপির দাবী, পুলিশ অভিযোগ লিখলেও সেভাবে কোনও পদক্ষেপ করে নি।
তবে পরে স্বরলিপির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে ও বিজয় দত্তকে গ্রেফতার করে। তাঁকে আগামীকাল কোর্টে পেশ করা হবে বলে জানা গিয়েছে। এই ঘটনায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, “দলের তরফে এমনভাবে টাকা চাওয়ার কোনও নিয়ম নেই। যদি কেউ সেটা করে থাকে, তাহলে নিশ্চয় কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। সেই ব্যক্তি যদি যোধপুর পার্ক উৎসবের উদ্যোক্তা হন, তাহলে তা খতিয়ে দেখা হোক। অন্যায় করলে শাস্তি দেওয়া হবে”।





