তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই। যদিওবা এতদিন ধরে নিজেদের সম্পর্ককে বন্ধুত্ব ছাড়া আর কিছুই বলেননি। কিন্তু শেষমেশ সমস্ত কিছুকে উপেক্ষা করে দুর্গা পূজার মরশুমে একসঙ্গে একই ফ্রেমে বন্দী উত্তরপাড়ার তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ।
সেজেগুজে পুজোর মধ্যে একই ফ্রেমে বন্দী হলেন দুই তারকা। সঙ্গে জানালেন ‘শারদীয়ার শুভেচ্ছা’। অনেকেরই ছবি দেখে মনে হচ্ছে, কাঞ্চন মল্লিকের সঙ্গে নবমীর রাতেই শ্রময়ীর দেখা হয়েছিল। ছবিতে অফ হোয়াইট আর লাল রঙের একটি শাড়ি পরে দেখা গিয়েছে শ্রীময়ীকে। অন্যদিকে অফ হোয়াইট রঙের শেরওয়ানি পড়েছিলেন কাঞ্চন মল্লিক।
এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, “অনেক বাধা পেরিয়েও আমরা মূল্যবান মুহূর্তগুলো ধরে রেখে নতুন স্মৃতি তৈরি করা বন্ধ করিনি। তাই প্রত্যেক বছরের মতো এই বছরও ছবি তুলতেই হত।” এছাড়া আরও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। যার পর বোঝা যায় তিনি নিজের ও কাঞ্চনের ছবিটি ক্রপ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন। বেশ কিছুদিন আগেই কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের কথা চারিদিকে ছড়িয়ে পরে।
তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে প্রায়ই নানা ধরনের খবর সামনে আসতে থাকে। এমনকি তাঁদের মধ্যকার সম্পর্ক নিয়ে মুখ খোলেন কাঞ্চন মল্লিকের স্ত্রী পিংকিও। অভিযোগ করেন, কাঞ্চন তাঁর ছেলের প্রতি ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। অন্যদিকে স্ত্রীকে নানা মন্তব্য করেছিলেন কাঞ্চন মল্লিকও। এরপর তাঁদের বাকবিতন্ডা পুলিশ পর্যন্ত গড়ায়।
যার ফলে বেশ কয়েক দিন একই ফ্রেমে দেখা মেলেনি কাঞ্চন আর শ্রীময়ীর। এমনকি রথের অনুষ্ঠানেও দুজনে একসঙ্গে ছিলেন বলে সকলে মনে করেছেন। কিন্তু সামনে আসেনি একটি ছবিও। তবে এবার দুর্গা পূজার মরশুমে সমস্ত কিছুকে উপেক্ষা করে একসঙ্গে ছবি তুলেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। মুহূর্তের মধ্যেই তাঁদের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফের তাঁদেরকে নিয়ে সরগরম নেটপাড়া।





