ফের বিপাকে কঙ্গনা রানাওয়াত! অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পরে টানা মুখ খুলে নেটিজেনদের কখনো নয়নের মণি হয়েছেন কঙ্গনা আবার কখনো বিতর্কিত মন্তব্য করে পড়েছেন ক্ষোভের মুখে। এবারে প্রসঙ্গ সম্পূর্ণ অন্য কিন্তু মন্তব্য অত্যন্ত বিতর্কিত করায় টুইটারে #বয়কট_কঙ্গনা ডাক উঠল তার বিরুদ্ধে। ভারতে জাতপাতের উপস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন কঙ্গনা। নেটিজেনদের একাংশের পাল্টা রোষের মুখে পড়েন এই অভিনেত্রী কিন্তু স্বভাব সিদ্ধ ভঙ্গিতে পালটা জবাবও দেন বলিউডের ‘ক্যুইন’।
‘দ্য প্রিন্ট’ সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা শেখর গুপ্তা সম্প্রতি টুইটারে একটি পোস্ট করেন, ইজাবেল উইলকারসনের (Isabel Wilkerson) লেখা ‘Caste: The Origins of Our Discontents’ বইটি ওপরা উইনফ্রে আমেরিকার ১০০ জন সিইও কে পাঠিয়েছেন, কিন্তু ভারতীয়রা এখনো পর্যন্ত এই বিষয়ে কোন কথা বলছেন না। তারই পরিপ্রেক্ষিতে কঙ্গনার মন্তব্য, “আধুনিক ভারতীয়রা জাতপাতকে প্রত্যাখ্যান করেছেন। জাতপাত যে আর আইনি বিষয় নয়, এটি শুধু মাত্র কয়েকজন মুষ্টিমেয় মানুষের ফায়দার জন্য তা ছোট শহরের মানুষজনও এখন জেনে গিয়েছেন। চলুন এই বিষয়ে বার কথা বলা যাক এবং মত গড়ে তোলা যাক।”
এরপরে কঙ্গনার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনদের একাংশ। তাকে বয়কট করার ডাক ওঠে। কঙ্গনাকে কটাক্ষ করে বলা হয়, “অর্ধেক শিক্ষা অশিক্ষার থেকেও ভয়ঙ্কর”। কেউ কেউ আবার পুরনো খবর শেয়ার করেছেন যেখানে উত্তর ভারতে কীভাবে দলিতদের উচ্চবর্ণের হাতে এখনো পর্যন্ত শোষিত হতে হয় তার উদাহরণ রয়েছে।
যদিও কঙ্গনা এই ট্রোলের জবাবে থেমে থাকেননি। তিনি পাল্টা টুইট করেন, “হিন্দুত্ব আপনার গুণের পরিচয় হওয়া উচিত। আমি জন্ম থেকেই যোদ্ধা মানসিকতার এবং সমস্ত রকমের চাপ নিতে আমি সক্ষম। আমি নেতৃত্ব দিতে খুব ভালো করে জানি কিন্তু আমার বৃহত্তর পরিবারের অনেকেই মনে হয় সেই কথা জানেন না। আমি ভারতীয় আর এটাই আমার একমাত্র পরিচয়।”






