প্রবল বিতর্কে ‘গুঞ্জন সাক্সেনা’, করণ জোহরকে কটাক্ষ করে কবিতা লিখলেন কঙ্গনা রানাওয়াত

সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যুর পরে স্বজনপোষণ বিতর্কে গোটা বলিউড ইন্ডাস্ট্রি নড়বড়ে অবস্থায় চলে গিয়েছে। সবথেকে সমালোচনার মুখে পড়েছেন মহেশ ভাট, সলমান খান এবং করণ জোহর। এদের বিরুদ্ধে প্রতিনিয়ত রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। এই মামলার তদন্ত সিবিআই করলেও ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আদালতে বিচার সভা বসছে বলিউডের এই প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে।

এর মধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে করণ জোহরের ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ যার মুখ্য চরিত্রে রয়েছেন বনি কপুর ও শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর।

এই ছবিও বিভিন্ন বিতর্কের মুখে পড়েছে এবং সম্প্রতি সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। যিনি প্রথম থেকেই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পরে বলিউডে নেপোটিজম নিয়ে ফের মুখ খুলে ছিলেন এবং তিনি করণ জোহরের বিরুদ্ধে রীতিমতো সক্রিয়।

এবার নির্মাতা করণের দেশভক্তিকে কাঠগড়ায় তুলে কবিতা রচনা করলেন অভিনেত্রী, যা টুইটারে পোস্ট করল তাঁর অনুগামী ‘টিম কঙ্গনা রানাওয়াত’।

সেই কবিতায় কঙ্গনা করণকে রীতিমত কটাক্ষ করে লিখেছেন, “জাতীয়তাবাদীর দোকান চালাবো কিন্তু দেশভক্তি দেখাবো না। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ছবি বানাব কিন্তু ছবির ভিলেন বানাবো হিন্দুস্তানকেই। এখন সেনায় তৃতীয় লিঙ্গের মানুষরাও অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু করণ জোহর আপনি কবে বুঝবেন যে সেনা শুধুমাত্র সেনাই হয়।”

এছাড়াও এই ছবির ছোট করে পর্যালোচনাও করেছে টিম কঙ্গনা। তাদের টুইটে লেখা হয়েছে, “সব মিলিয়ে জিএস (গুঞ্জন সাক্সেনা) খুবই মামুলি ছবি। একজন সৈনিকের জীবনের বৃহত্তর ব্যপ্তিকে এই ছবি স্পর্শ করতে পারেনি। ভারত মাকে রক্ষা করা নয় এখানে ছবির মূল কথা দেখানো হয়েছে সমঅধিকার পাওয়া। ছবিতে গুঞ্জনের জয় হয়েছে, ভারতের নয় যেটি অত্যন্ত দুঃখজনক। এমনকি এই ছবিতে গুঞ্জনকে বলতে শোনা গিয়েছে যে, আমি দেশকে ভালোবাসি না আমি শুধু প্লেনে উড়ে বেড়াতে চাই। ছবিতে অনিচ্ছুক দেশভক্তি জোর করে দেখানো হয়েছে। গুঞ্জনকে তাঁর উর্দির সম্মান করতে দেখা যায়নি। তিনি শুধু বলেছেন, বাবা আমি আমনার সম্মান নষ্ট করব না।”

যদিও ভারতীয় বায়ুসেনার তরফ থেকে এবং জাতীয় মহিলা কমিশন প্রধান রেখা শর্মার তরফেও এই ছবির বিরোধিতা করা হয়েছে। বলা হয়েছে যে ছবিতে বায়ু সেনার মধ্যে যে লিঙ্গবৈষম্য দেখানো হয়েছে তা একেবারেই সত্য নয়।

এমনকি যাঁকে নিয়ে ছবি সেই প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনা স্বয়ং জানিয়েছেন, বায়ুসেনায় তাঁকে কখনই লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয়নি। তবে তিনি কিন্তু এও বলেছেন, মহিলা হওয়া সত্ত্বেও তিনি সম পরিমাণ সুযোগ পেয়েছেন, যা ছবিতে ফুটে উঠেছে।

RELATED Articles

Leave a Comment