ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তিনি এখন চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। রবিবার এমনটাই জানালেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। গত রবিবার বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। এরপর তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভরতি করা হয়। গত সোমবার থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
পাশাপাশি তাঁর করোনা পরীক্ষা করা হলে সেটিও পজিটিভ আসে। এরপর তাঁকে সুস্থ করতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু ৮৪ বছরের প্রণববাবুর অস্ত্রপ্রচার ভালো করে হলেও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এমনকি তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। এইসময় নানা জায়গায় তাঁর মৃত্যুর গুজব রটাতে থাকে কিছু মানুষ এবং এক সাংবাদিক রাজদীপ সরদেশাই।
শনিবার হাসপাতাল তরফে জানানো হয়েছিল, প্রণববাবুর শারীরিক অবস্থা একইরকম রয়েছে। তবে বিশেষজ্ঞের একটি দল সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
দিন তিনেক আগে সব গুজবকে ধূলিস্যাৎ করে প্রণববাবুর ছেলে টুইট করে জানান, তাঁর বাবা বেঁচে আছেন এবং চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। আর আজ অভিজিৎ মুখোপাধ্যায়ের টুইটে অনেকটাই স্বস্তিতে রাজনৈতিক মহল। তিনি লিখেছেন, “গতকাল বাবাকে দেখতে গেছিলাম। আপনাদের সকলের প্রার্থনায় উনি এখন অনেকটাই ভাল আছেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন।” তিনি আরও বলেন প্রণববাবুর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। এবং উনি হয়তো খুব শীঘ্রই বাড়ি ফিরবেন।





