স্টার জলসার বেশ জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘খুকুমণি হোম ডেলিভারি’। বেশ অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিক দর্শকের মন জয় করে নিয়েছে। এই ধারাবাহিকের নায়িকার সোজাসাপটা ও ধারালো সংলাপ মন কেড়েছে দর্শকের।
এই ধারবাহিকের নাম ভূমিকায় অর্থাৎ খুকুমণির চরিত্রে অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত। প্রথম থেকেই তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। অন্যদিকে, খুকুমণির বিপরীতে রয়েছে বিহান। এই চরিত্রে অভিনয় করছেন রাহুল মজুমদার। খুকুমণি ও বিহানের রসায়ন বেশ জমে উঠেছে টেলিভিশনের পর্দায়।
গ্রামের মেয়ে খুকুমণি। যে কোনও সাধারণ রান্নাকে অসাধারণ ভাবে পরিবেশন করে হোম ডেলিভারির ব্যবসান চালায় সে। সেরকমই এক বড়োলোক বাড়িতে খাবারের হোম ডেলিভারি করতে গিয়েই আলাপ বিহান ও খুকুমণির। বড়োলোক বাড়িতে অবহেলিত বিহান, মানসিক ভারসাম্য হারিয়েছে সে। খুকুমণির সেবায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে বিহান। আর এর জেরেই খুকুমণির বিরুদ্ধে চলছে নানান ষড়যন্ত্র। তবে খুকুমণি ও বিহানের ভালোবাসা টেক্কা দিচ্ছে সবকিছুকেই।
সম্প্রতিই এই ধারাবাহিক ১০০তম পর্ব পার করল। শুটিং সেটেই এই ধারাবাহিকের সকল কলাকুশলী মিলে এই দিনটি বেশ হইহই করে পালন করলেন। ১০০তম পর্ব উদযাপন করতে সেটে আনা হল কেক। এই সমস্ত মুহূর্তের নানান ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
১০০তম পর্ব পার করার উপলক্ষ্যে ধারাবাহিকের অনুরাগীরা ধারাবাহিকের সকল কলাকুশলীকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। সকলেই প্রার্থনা করেছেন যাতে আরও অনেকদূর এগোয় এই ধারাবাহিক। এরই সঙ্গে বিহান ও খুকুমণির ভালোবাসা যাতে আরও অন্য মাত্রা পায়, তা-ও জানিয়েছেন নেটিজেনরা।





