বাঙালি ভালবাসে মিষ্টি খেতে। বাংলার সঙ্গে মিষ্টির একটা আত্মিক যোগ আছে। গোটা ভারতে পশ্চিমবঙ্গ বিখ্যাত মিষ্টির জন্য। রসগোল্লা, গোলাপজাম, সন্দেশ, চমচম, বোঁদে, লাড্ডু, বাংলার মিষ্টির জুড়ি নেই।
বাংলার অন্যতম জনপ্রিয় মিষ্টি হল রাবড়ি। দুধ ও দুধের সরের ঘন মিলন বাঙালিকে পুরো মাত করে রেখেছে। কিন্তু এখন যদি বলি এই বাংলাতে এমন একটি গ্রাম আছে যেখানে প্রতিটি বাড়িতে রাবড়ি তৈরি করা হয় তাহলে কি আপনি বিশ্বাস করবেন?
কলকাতা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে হুগলি জেলার গাংপুরে আঁইয়া গ্রাম হল এমন একটি জায়গা যেখানে রাবড়ি তৈরি হয় ঘরে ঘরে। এই মিষ্টি তৈরি হয়ে তারপর পৌঁছায় বাংলার বিভিন্ন জায়গায়। এখানে প্রতিটি বাড়িতেই আপনি যদি যান তাহলে দেখা যাবে বড় বড় কড়াইয়ে দুধ জ্বাল দিয়ে তৈরি হচ্ছে ঘন রাবড়ি।
কলকাতা থেকে কীভাবে যাবেন?
ডানকুনিতে ট্রেনে করে যাবেন, সেখান থেকে মশাট পৌঁছাবেন বাসে করে, তারপর টোটো করে পৌঁছে যাবেন আঁইয়া গ্রাম। ২৬সি জগৎবল্লভপুর-ডানকুনি বাসের করেও আপনি পৌঁছাতে পারেন মশাট।
এখানে প্রতি বাড়িতেই দেখা যাবে বড় বড় কড়াইয়ে দুধ জ্বাল দিয়ে তৈরি হচ্ছে রাবড়ি। প্রায় সাত কেজি দুধ থেকে তৈরি হয় দু কেজি রাবড়ি এবং তা বানাতে লাগে দেড় ঘন্টা।কড়াইয়ে সমানে হাতা নেড়ে খুব সাবধানে বানাতে হয় এই রাবড়ি।
এই গ্রামের কথা জানতে পেরে অনেকেই এখানে এসে রাবড়ি কেনেন। আপনিও জেনে গেলেন, এবার ছুটির দিনে বেরিয়ে পড়ুন রাবড়ি গ্রামের উদ্দেশ্যে।






