বিজেপি বিরোধী জোট নিয়ে এবার তৃণমূলের মুখপত্র জাগো বাংলাতে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানাল ঘাসফুল শিবির। তাদের দাবী, বারবার বলা সত্ত্বেও বিজেপি বিরোধী জোট তৈরি করতে কোনও পদক্ষেপ করছে না কংগ্রেস।
আজ, বৃহস্পতিবার জাগো বাংলার সম্পাদকীয়তে কংগ্রেসকে সরাসরিই আক্রমণ শানায় তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবী, কংগ্রেসকে বারবার বলা হয়েছে বিজেপি বিরোধী জোট গঠনের বিষয়ে। এছাড়াও, নীতি নির্ধারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্টিয়ারিং কমিটি ও কর্মসূচির লাইন তৈরির কথাও বলেছেন। কিন্তু সেই বিষয়ে কোনও পদক্ষেপ না করে শুধুমাত্র টুইট করে যাচ্ছে কংগ্রেস, অভিযোগ তৃণমূলের।

তৃণমূল চাইছে ২৪-এর লোকসভা নির্বাচনে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট করতে। এই জোট তৈরি হবে কংগ্রেসকে নিয়েই। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস তাদের অভ্যন্তরীণ সমস্যা মেটাতেই ব্যস্ত। কোনওরকমের আন্দোলনের পথে নামছে না তারা। জোট তৈরির বিষয়েও কোনও ভ্রূক্ষেপ নেই তাদের। জাগো বাংলায় তৃণমূল লেখে যে তারা অনতি সময় ধরে অপেক্ষা করতে পারবে না। এই কারণেই অন্যান্য রাজ্যে সংগঠন বাড়ানোর কাজে শুরু করেছে তারা।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “২০১৪ এবং ২০১৯ সালে কংগ্রেস ফেল করেছিল বলেই নরেন্দ্র মোদী এত সমর্থন নিয়ে সরকারে এসেছে। মমতা বধ্যোপাধ্যায় কংগ্রেসকে বাদ দিয়ে কোনও কিছু করার কথা বলেননি। অতীতের ফাঁকগুলিকে ভরাট করার কিছু প্রস্তাব দিয়েছিলেন। এখন যদি সেগুলির থেকে কোনও সাড়া না আসে, তাহলে যখন আসবে তখন আসবে। জোট বললেই তো হবে না। তিনি তো নির্দিষ্ট কিছু প্রস্তাবও দিয়েছিলেন যে জোটের একটা কাঠামো হবে, একটা স্টিয়ারিং কমিটি হবে। কেউ জোটের দরজা বন্ধ করছে না। জোটের দরজা খোলা থাকছে। কিন্তু তার মধ্যে তৃণমূল কংগ্রেস কি তার শক্তি বৃদ্ধি করবে না”?
অন্যদিকে আবার কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের এই বিষয়ে মত, “এইসব আবোল তাবোল কথা বাংলার মানুষকে শুনিয়ে কোনও লাভ নেই। তারা যদি মনে করেন কংগ্রেসকে বাদ দিয়ে চলবেন তাহলে চলুন। কংগ্রেস চিরকালই বলে আসছে যে বিজেপির বিরুদ্ধে আমাদের একটা সঙ্গবদ্ধ শক্তি তৈরি করতে হবে। আমরা যখন গান্ধী মূর্তির নিচে অবস্থান করছিলাম তখন ওদের ডাকা হয়েছিল। ওরা আসেনি কেন”?






