শান্তিনিকেতনের পথে পথে ঘুরে গাইবেন মদন মিত্র, গিটার বাজাবেন শিলাজিৎ! নতুন জুটি আসছে টলিউডে

শিরোনাম পড়ে চমকে গেলেন তো? ভাবছেন কোথায় মদন মিত্র আর কোথায় শিলাজিৎ! দুয়ের মধ্যে যোগসূত্র কোথায়? আছে আছে, যোগসূত্র আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই শান্তিনিকেতনের পথে দেখা যাবে দুজনকে একসঙ্গে। দুজনে কাজ করতে চলেছেন একটি মিউজিক ভিডিওতে। দুজন দুই মেরুর মানুষ হলেও শুধুমাত্র গানের টানে কাছাকাছি আসবেন এই মিউজিক ভিডিওর মাধ্যমে।

কোনরকম স্টেজ শো এ গাইবেন না তারা বরং শান্তিনিকেতনের মেঠোপথে গান গাইবেন মদন মিত্র সঙ্গে বাজনা বাজাবেন শিলাজিৎ। যদিও এই প্রসঙ্গে খুব একটা কিছু বলতে চাইছেন না মদন মিত্র। অল্প কথায় বলছেন, ‘‘শিলাজিতের সঙ্গে দু’বার বসা হয়েছে। আলোচনা হয়েছে, ও বাজাবে আমি গাইব। আরও কয়েকটি বৈঠক করেই সব কিছু চূড়ান্ত হবে। শুধু এটুকু বলতে পারি, শান্তিনিকেতনের রাস্তা দিয়ে হেঁটে আমি গান গাইব। আর শিলাজিৎ বাজাবে।’’

তবে বেসরকারি এক সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে যেহেতু এই দুই ভিন্ন ধারার মানুষকে এক মিউজিক ভিডিওতে দেখা যাবে তাই জোর দেওয়া হচ্ছে প্রোডাকশনে। আর শিলাজিৎ এই ব্যাপারে কী বলছেন? শিলাজিৎ এর বক্তব্য হলো, ‘‘মদনদার সঙ্গে কথা হয়েছে। তাঁকে জানিয়েছিলাম, আমি তাঁকে নিয়ে একটা গান বেঁধেছি। তখনই কথা বলতে বলতে মদনদা বললেন আমি বীরভূমে যাব, গিয়ে গান গাইব। তাতে আমি বলেছি, চলো, তুমি-আমি মিলে একসঙ্গেই গাইব। মদনদা গান গাইলে তাঁকে নিয়ে আমাকে ট্রেনিংয়ে বসতে হবে। মদনদা এমনিতেই সব গান জানে। যে হেতু চর্চা কম, তাই সুর একটু কম লাগে। মদনদা প্রাণ থেকে গায়। বাকিটা আমি ম্যানেজ করে নেব।’’সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক দিনের মধ্যেই দেখা যাবে এই অভিনব জুটিকে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর