এবার দক্ষিণেশ্বরেও মিলবে ভুবন বাদ্যকরের বাদাম, মন্দিরের সামনেই তাঁকে বাদামের দোকান করে দিলেন মদন মিত্র

ভুবন বাদ্যকর, এই নামটির সঙ্গে বর্তমানে সকলেই বেশ পরিচিত। তাঁর গাওয়া ‘কাঁচা বাদাম’ গানই তাঁকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় করেছে। তাঁর এই গান এখন রীতিমতো সকলের মুখে মুখে ঘোরে। তাঁর এই গানকে পাথেয় করে ভিডিও বানিয়ে অনেকেই লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে।

কিন্তু এই গানের যিনি স্রষ্টা তিনিই হতদরিদ্র। তিনি নিজের গানের জন্য কোনও টাকা পান নি। নিজের গানের কপিরাইট দাবী করে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ভুবন বাদ্যকর। তাঁর গান ভাইরাল হওয়ার পর তাঁর বাদাম বিক্রি বন্ধ হয়েছে। এবার তাই অন্য ভাবে রোজগারের পথ খুঁজে পেলেন তিনি।

আজ, বৃহস্পতিবার রবীন্দ্র সরোবর মেট্রোর সামনে হাজির হয়েছিলেন ভুবন বাদ্যকর। চা বিক্রেতা বিজয় শীলের সঙ্গে একটি গান রেকর্ড করেছেন ভুবন বাদ্যকর। গানের নাম ‘বাদাম নেবে বুবু’। সেই গানের আনুষ্ঠানিক প্রকাশ করা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সামনে। সেখানেই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুবন বাদ্যকর।

কিছুদিন আগেই তিনি দেখা করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে। তাঁর গান শুনে মুগ্ধ হয়েছিলেন বিধায়ক। তাঁর এক কথাতেই তাঁকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মদন মিত্র। দেই সময়ই ভুবনের হাতে ২০ হাজার টাকা তুলে দেন তিনি। এমনকি, পুরভোটের দিন প্রত্যেক ওয়ার্ডের কর্মীদের জন্য ভুবনকে বাদাম ভাজার অর্ডার দিয়েছিলেন মদনদা।

এবার তাঁকে একটি দোকানের ব্যবস্থা করে দিলেন বিধায়ক। দক্ষিণেশ্বর মন্দিরের সামনে ভুবন বাদ্যকরের জন্য একটি দোকানের বন্দোবস্ত করে দেন মদন মিত্র যার জন্য কোনও ভাড়া দিতে হবে না ভুবনকে। জানা গিয়েছে, তাঁর এই দোকানে শুধু কাঁচা বাদাম নয়, মিলবে বাদামের সরবত ও বাদাম চা-ও। এদিন ভুবনের কাঁচা বাদামের ঝুড়ি গলায় ঝুলিয়ে তাঁর সঙ্গে গলাও মেলান মদন মিত্র।

RELATED Articles