বাংলার ‘দিদি’ এবার ‘দিদি নম্বর ১’-এ! এই প্রথমবার রচনার রিয়্যালিটি শো-তে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’। সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সেই শো এক অনন্য মাত্রা পেয়েছে। বাংলার ঘরে ঘরে দিদিরা এই শো-তে এসে নিজেদের কঠিন জীবনযুদ্ধের কাহিনী তুলে ধরেন। হয় নানান ধরণের খেলা, আড্ডা, আরও কত কিছু। তবে বাংলার ‘দিদি’ কিন্তু একবার ‘দিদি নম্বর ১’-এ যান নি। তবে এবার তা হতে চলেছে বলেই শোনা যাচ্ছে। বাংলার ‘দিদি’ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার দেখা যেতে পারে এই ‘দিদি নম্বর ১’-এ।

গত মাসেই রচনা বন্দ্যোপাধ্যায় নবান্নে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেন তিনি। এরপরই তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নানান জল্পনা শুরু হয়। যদিও সেই জল্পনা উড়িয়ে তিনি বলেছিলেন যে দিদি নম্বর ১ নিয়ে তিনি কথা বলতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অনুমান, সেদিনই এই রিয়্যালিটি শো-তে মুখ্যমন্ত্রীকে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন মমতা। আর সেই প্রস্তাবে রাজিও হয়েছেন দিদি।

কবে যাচ্ছেন দিদি ‘দিদি নম্বর ১’-এ?

এই প্রথমবার কোনও রিয়্যালিটি শো-তে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। আজ, রবিবারই এই রিয়্যালিটি শো-তে যাওয়া নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক ডাকা হয়েছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটির তরফে। শোনা যাচ্ছে, যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আগামী ২১ ফেব্রুয়ারি হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে ‘দিদি নম্বর ১’ শোয়ের সেটে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, গত মাসে রচনা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে যাওয়া নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। সকলে অনুমান করেই নিয়েছিলেন যে রচনা বন্দ্যোপাধ্যায়ও এবার বুঝি রাজনীতির ময়দানে নামছেন। সামনেই লোকসভা নির্বাচন। আর কোনও নির্বাচনের আগে তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে এবার শোনা যাচ্ছে, রাজনীতিতে যোগ দিতে নয়, বরং ‘দিদি নম্বর ১’-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে আসার আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে পরে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ‘দিদি নম্বর ১’ মানেই হাসি, মজা, আড্ডার মাঝে দারুণ দারুণ খেলা আর নানান উপহার। বিগত ১২ বছর ধরে এই শো বহাল তবিয়তে চলছে কোনওরকমের জনপ্রিয়তা না হারিয়েই। এবার এই শো-তে যদি ‘বাংলার দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, তাহলে যে এই শো এক অন্য মাত্রায় পৌঁছবে, তা বলাই বাহুল্য।   

আরও অন্যান্য খবর