বাংলার টলি জগত হোক বা টেলি জগত, সব ক্ষেত্রেই অভিনেত্রীরা নিজেদের প্রমাণ করেছেন। তাদের অভিনয় দক্ষতা, গ্ল্যামার, রূপ দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন তারাও কোনও বলি অভিনেত্রীর থেকে কম যান না। বাংলার গ্ল্যামার দুনিয়ায় এমন অনেক অভিনেত্রীই রয়েছেন যারা দর্শকের মন ছুঁয়ে গিয়েছেন।
এমনই এক অভিনেত্রী হলেন রুকমা রায়। ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছে। প্রথমের দিকে এই চরিত্রটি মুখ্য না হলেও ধীরে ধীরে রাজা ও মাম্পির জুটিকে ভালবাসতে শুরু করে দর্শক। এর ফলে এই ধারাবাহিকের অন্য জুটি কিয়ান-নোয়ার মতোই জনপ্রিয় হয়ে ওঠে রুকমা ও রাহুল অর্থাৎ রাজা-মাম্পির জুটি।
এই বেশ কিছুদিন ধরেই নেটপাড়ায় ঘোরাফেরা করছে একটি নতুন মিম। মিমে লেখা, ‘কপাল পোড়া মাম্পি দিদি’। এই ছবিতে দেখানো হয়েছে যে বারবার তৃতীয় এক ব্যক্তি আসায় রুকমার সম্পর্ক ভেঙেছে, তবে তা পুরোটাই অনস্ক্রিনে।
এই মিমে প্রথমেই রয়েছে ‘কিরণমালা’ ধারাবাহিকের ছবি। যেখানে রাজকন্যা ‘কিরণ’ ওরফে রুকমা ভালবেসেছিলেন রাজপুত্র পৃথ্বীরাজকে। সেখানে কিরণের পথের কাঁটা ‘বজ্রমালা’ ওরফে মধুবনী ঘোষ।
এরপর রয়েছে ‘কুন্দফুলের মালা’ ধারাবাহিকের ছবি। যেখানে ‘অংশু’ আর ‘ঘুঙুর’-এর মাঝে এসেছিল ‘শকুন্তলা’। যেখানে রুকমা রায় ছাড়াও অভিনয় করেছিলেন ইন্দ্রজিৎ চক্রবর্তী, সোনালী চৌধুরী।

আর এবার রাজা আর মাম্পির মাঝে এসে পড়েছে নীলপাখি। এবার অভিনেত্রী স্বৈরিতি বন্দ্যোপাধ্যায় রুকমার ভালোবাসার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। এতেই মন খারাপ নেটিজেনদের। মিমে রুকমার একটি ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে চোখের জল ফেলছেন অভিনেত্রী আর বলছেন, “একটা সিরিয়ালেও কি শান্তিতে সংসার করতে পারব না আমি”?
দেশের মাটি ধারাবাহিকে রাজা ও মাম্পির মধ্যে সমস্যা দিনদিন বেড়েই চলেছে। এর কারণ মাম্পির মা। তিনি বারবার মেয়েকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে মুখার্জী বাড়িতে জামাই রাজার থেকে ছেলে কিয়ানের যত্ন, খাতির অনেক বেশি। আর এই নিয়েই সকলের সঙ্গে লড়ছে মাম্পি। এমনটা একেবারেই পছন্দ নয় রাজার।





