৫৫-তেও সম্পূর্ণ ‘ফিট অ্যান্ড ফাইন’। বয়স যে কেবল একটা সংখ্যা মাত্র, তা প্রতি পরতে পরতে প্রমাণ করেছেন মিলিন্দ সোমন। ‘বয়স্ক’ শব্দটা তার সঙ্গে একেবারেই খাপ খায় না। এই বয়সেও অনেক তরুণী ও নারীদের কাঙ্ক্ষিত পুরুষ তিনি। আজ সেই ‘হট অ্যান্ড বোল্ড’ তারকার জন্মদিন।
নিজের জন্মদিন কাটাতে আগেই স্ত্রী অঙ্কিতাকে নিয়ে গোয়া পাড়ি দিয়েছিলেন মিলিন্দ। একথা নিজেই সোশ্যাল মিডিয়াতে জানান তিনি। কিন্তু কে জানত, জন্মদিনের দিন এরকম একটা চমক অপেক্ষা করছে তার অনুরাগীদের জন্য। চমক দিলেন তিনি নিজেই। জন্মদিনের সকালেই নিজের একটি নগ্ন ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন মিলিন্দ। ছবিতে দেখা যাচ্ছে তিনি একেবারে নগ্ন অবস্থায় সমুদ্রপাড়ে দৌড়চ্ছেন। এই ছবি পোস্ট করে মিলিন্দ ক্যাপশন দেন “হ্যাপি বার্থডে টু মি! #৫৫”। ছবিটি তুলেছেন তার গৃহিণী অঙ্কিতা কোনওয়ার।
https://twitter.com/milindrunning/status/1323838475800440832?s=20
জন্মদিনে এমন ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছেন মিলিন্দ সোমন। পোস্ট করার পরই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মিলিন্দ ও অঙ্কিতাকে সবসময়য়ই প্রেমে হাবুডুবু খেতে দেখা গিয়েছে। জন্মদিনেও এর অন্যথা হয়নি। স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানান অঙ্কিতাও। সোশ্যাল মিডিয়ায় দুজনের একটি ছবি পোস্ট করে মিলিন্দকে শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কিতা। ক্যাপশনের মাধ্যমেই উজাড় করে দিয়েছেন তার ভালোবাসা।
তবে মিলিন্দ সোমনের নগ্ন হয়ে ছবি পোস্ট করার ঘটনা এই প্রথম নয়। তা জানতে গেলে আমাদের চলে যেতে হবে ২৫ বছর আগে। ১৯৯৫ সালে মধু সাপ্রের সঙ্গে একটি নগ্ন ফটোশুট করে রাতারাতি খবরের শিরোনামে উঠে আসেন মিলিন্দ। আজকের তার এই পোস্ট যেন সেই ২৫ বছরের স্মৃতিকে অনেকাংশেই উস্কে দিয়েছে। একটি জুতোর ব্র্যান্ডের ফটোশুট ছিল সেটি। ছবিতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা গিয়েছিল মিলিন্দ ও মধুকে। তাদের সেই ছবি তখনকার দিনে কম বড় ঝড় তোলেনি।
মিলিন্দের আজকের এই নগ্ন ছবি দেখে অনেকেই মিম বানিয়েছেন, অনেকে তার সেই ২৫ বছর আগেকার নগ্ন ছবি ও আজকের এই ছবি, দুটি কোলাজ করেও পোস্ট করেছেন। মধু সাপ্রের সঙ্গে কয়েকদিনের সম্পর্কও ছিল মিলিন্দের। এরপর এক ফরাসী অভিনেত্রীকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০১৮ সালে নিজের থেকে ৩০ বছরের ছোটো এক তরুণী বিমান সেবিকাকে বিয়ে করেন মিলিন্দ। তবে বয়সের পার্থক্য থাকলেও দুজনেই বেশ চুটিয়েই সংসার করছেন দু’বছর ধরে।





