ক্রিসমাসে ‘সিক্রেট সান্টা’ রূপে ধরা দিলেন মিমি, মাঝরাতে চুপিসারে কলকাতার পথশিশুদের জন্য রেখে এলেন বড়দিনের উপহার

ক্রিসমাস মানে উপহার দেওয়া-নেওয়ার উৎসব। একে অপরকে উপহার দেওয়ার মাধ্যমে গড়ে ওঠে নতুন সম্পর্ক, বাড়ে ভালোবাসা। কিন্তু কিছু মানুষ এই সবকিছুর থেকেই উপেক্ষিত। উপহার তো দূরের কথা, শীতের দিনে শীত থেকে বাঁচার জন্য সম্বলটুকু জোটে না তাদের। এবার তাদের জন্য শহর কলকাতায় দেখা মিলল ‘সিক্রেট সান্টা’র।

না, একটুও বাড়িয়ে বলছি না। সেই সান্টাকে দেখা গেল পথশিশুদের মধ্যে কেক, শীতের পোশাক বিলিয়ে দিতে। তবে এই ‘সিক্রেট সান্টা’ কে জানেন? তিনি আর কেউ নন, সকলের প্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় কোনও রকমের প্রচার নেই, কোনও আপডেট নেই। আচমকাই নানান উপহার নিয়ে হাজির হলেন মিমি। পথচলতি কোনও এক অনুরাগীর ফোনে ক্যামেরাবন্দি হল সেসব মুহূর্ত।

বড়দিনে একদিকে ঝলমলিয়ে উঠেছে তিলোত্তমা। গোটা শহর যখন মেতে উঠেছে ক্রিসমাস সেলিব্রেশনে, ঠিক সেই সময় গড়িয়াহাটের ব্রিজের নিচের মানুষগুলোর কাছে অনেকটা লেডি সান্টা হয়ে এলেন মিমি চক্রবর্তী।

মাঝরাতে গাড়ি থামিয়ে, গাড়ি থেকে নেমে এলেন কালো পোশাক পরিহিতা এক যুবতী। তাঁর মুখে মাস্ক। দেখে চেনা যায় না প্রায়। কিন্তু তাঁর ঝুলিতে রয়েছে অজস্র উপহার। সেই ঝুলি থেকে একে একে সকলের হাতে তুলে দিলেন কেক, শীতের পোশাক, কম্বল, সোয়েটার।

বালিগঞ্জ, কসবা, রাসবিহারী নানান রাস্তায় গাড়ি ছুটিয়ে বড়দিনের রাতে মিমি হয়ে উঠলেন সিক্রেট সান্টা। নানান অসহায় মানুষের কাছে বড়দিনের সান্টা হয়ে ধরা দিলেন অভিনেত্রী। সৌভিক মণ্ডল নামে একজন মিমি চক্রবর্তীর অনুরাগী ফেসবুকে সেই সব ছবি শেয়ার করে। নেটমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সিক্রেট সান্টা মিমির এই ছবি।

RELATED Articles