ঘরে ঘরে আজ মা লক্ষ্মী বিরাজমান। কালকে পূর্ণিমা পড়লেও আজও অনেকেই পুজো করছেন। টলিউডের অনেক তারকাই নিজের বাড়িতে লক্ষ্মীদেবীর আরাধনায় ব্যস্ত। এই তালিকা থেকে বাদ পড়েননি সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। এমনিতে নিজের বাড়িতে অনেক পুজোয় করেন অভিনেত্রী। এবার তার লক্ষ্মীপুজোর ছবিও নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী।
বাড়িতে নিজের মতো করে সব নিয়ম মেনে নিষ্ঠা ভরে লক্ষ্মীদেবীর আরাধনা করেন মিমি। পুজোর থালা হাতে প্রতিমার সামনে বসে ছবি পোস্ট করেন তিনি, ক্যাপশন দেন “কোজাগরী লক্ষ্মীপুজোর অনেক শুভেচ্ছা”।
এদিন তার দেখা মিলল নীল ও মেজেন্ডা রঙের সাবেকি শাড়িতে। সঙ্গে মানানসই গয়না পরে একেবারে সালঙ্কারা মিমি। তার পোস্ট করা একটি ভিডিও পোস্ট করেন মিমি। সেখানে দেখা গেল নিজেই লাল কাপড় জড়িয়ে মা লক্ষ্মীকে কোলে করে এনে আসনে অধিষ্ঠান করালেন তিনি। এরপর ফুল দিয়ে সাজালেন প্রতিমার স্থান। তার সঙ্গে গণেশকেও ফুল মিষ্টি দিতে দেখা গেল। নিজের হাতে করেই মাকে ভোগ সাজিয়ে দিলেন। পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করতেও দেখা গেল অভিনেত্রীকে।
পঞ্চপ্রদীপের তাপ সস্নেহে তার মাথায় বুলিয়ে দিলেন মিমির মা। নিজের হাতেই পুজোর নৈবেদ্যর প্রসাদ মাখলেন অভিনেত্রী। পাঁচালি পড়লেন মিমির মা, এইসময় লক্ষ্মী মেয়ের মতো পিছনে হাতজোড় করে বসে থাকতে দেখা গেল মিমিকে। পুজোর শেষে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে পুজো সম্পন্ন করলেন অভিনেত্রী।
দুর্গাপুজোর সময়ও তাকে সবসময় দেখা গেছে নিজের আবাসনের পুজো মণ্ডপে। এই বছর করোনা পরিস্থিতির কারণে আবাসনে বাইরের লোকের প্রবেশ নিষিদ্ধ ছিল। তাই আবাসনের প্রতিবেশীদের নিয়েই পুজোয় মেতেছিলেন মিমি। অষ্টমীর অঞ্জলি থেকে শুরু করে আবাসনের বাচ্চাদের সঙ্গে সময় কাটানো, দশমীর বিসর্জন, সবই করেছেন সুরক্ষাবিধি মেনেই। দশমীর দিন সাদা কুর্তা ও পালাজোতে মাস্ক পরে ধুনুচি নাচে অংশ নেন তিনি। এবার লক্ষ্মীপুজোতেও নিজের হাতে সমস্ত জোগাড় করে নিষ্ঠা ভরে মায়ের আরাধনা করলেন মিমি চক্রবর্তী।






