বাংলা টপকে ‘মিঠাই’ এবার পাড়ি দেবে দক্ষিণ ভারতে, বাংলা ধারাবাহিকের অনুকরণেই তৈরি হচ্ছে তামিল ধারাবাহিক

দু’মাস ধরে একটানা টিআরপির তালিকায় প্রথম স্থান অধিকার করে রেখেছে ‘মিঠাই’। মোদক বাড়ির মিষ্টি, বিশেষত মিঠাইয়ের হাতের তৈরি মনোহরা যে একবার খেয়েছে, তার স্বাদ ভোলা অসম্ভব। এবার বাংলা টপকে তাই দক্ষিণ ভারতের যাত্রা শুরু করতে চলেছে ‘মিঠাই’।

তামিল দুনিয়াতে এই একই গল্প, একই চিত্রনাট্য পরিবেশিত হতে চলেছে ভিন্ন নাম নিয়ে। এই ধারাবাহিকে অভিনয় করবেন তামিল অভিনেতা-অভিনেত্রীরা। দেখানো হবে জি তামিল চ্যানেলে।

বাংলার এই ধারাবাহিকের নাম তামিলে হতে চলেছে ‘নিনাইথালে ইলিক্কুম’। এই ধারাবাহিকে সিদ্ধার্থ ওরফে উচ্ছেবাবুর চরিত্রে অভিনয় করবেন ‘উড়িয়ে ২’ খ্যাত অভিনেতা আনন্দ সেলভম। তিনি নিজেও ইনস্টাগ্রামে জানিয়েছেন যে জি তামিলের নতুন এই ধারাবাহিকে তিনি অভিনয় করছেন। এই ধারাবাহিকের শুটিং শুরু হবে আগামী শুক্রবার থেকেই। তবে ধারাবাহিকে মিঠাই-এর চরিত্রে কাকে দেখা যাবে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন- ‘আমার মেয়ে হলে তাঁকে এটাই শেখাব’, সন্তানকে কোন শিক্ষা দিতে চান হবু মা নুসরত

তবে ‘মিঠাই’ ধারাবাহিক তামিলেও হবে জেনে বেশ উচ্ছ্বসিত এই ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস। এক সংবাদমাধ্যমে তিনি জানান, “একটি ধারাবাহিক অন্য ভাষায় তৈরি হওয়া মানে সেই ধারাবাহিক সফল। আরও ভাল লাগত, যদি আমি তামিল ধারাবাহিকটিও পরিচালনা করতে পারতাম। একই ধারাবাহিক অন্য ভাষায় তৈরির অভিজ্ঞতাই আলাদা”।

আবার এদিকে, ‘মিঠাই’ ধারাবাহিকে দেখা যাচ্ছে বিচ্ছেদ-কাগজে সইয়ের করার পরও বিয়ে ভাঙেনি সিদ্ধার্থ-মিঠাইয়ের। গত সপ্তাহেই বেশ হইহই করে তাদের ফুলশয্যা পর্ব সম্প্রচারিত হয়েছে। আপাতত দু’জনেই নতুন করে সংসার করতে উৎসাহী। ইতিমধ্যেই মিঠাই মামাশ্বশুরের মন জয় করে ফেলেছে। সিদ্ধার্থও ঝগড়া ভুলে মিঠাইয়ের সাইকেল ‘মুন্নি’-র পিঠে চেপে মাছের বাজারে গিয়েছে চিতল মাছ আনতে। যদিও সে ভুল করে এনে ফেলেছে আড় মাছ। তবে সিদ্ধার্থের এই ভুল ঢাকা পড়েছে মিঠাইের অসামান্য রান্নার গুণে।

এরপর এই ধারাবাহিকে কী মোড় আসে, তা জানতে দেখতে হবে ‘মিঠাই’, প্রতিদিন রাত আটটায় জি বাংলায়।

RELATED Articles