১৬ জুন অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্মদিন। তার ঠিক এক দিন আগে পরিবারে এল বড় সুখবর। অভিনেতার মেয়ে দিশানী চক্রবর্তীর বাগ্দানের খবর সামনে এসেছে। বর্তমানে ২৫ বছরের দিশানী আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থাকেন এবং দীর্ঘদিন ধরেই অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাগ্দানের কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন দিশানী। সমুদ্রের ধারে মনোরম পরিবেশে প্রেমিক মাইল্স ম্যান্টজ়ারিস তাঁকে বিয়ের প্রস্তাব দেন। সাদা পোশাকে সেজে থাকা দিশানীর হাতে পরানো হয় হিরের আংটি। ছবির সঙ্গে তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে সহজ সিদ্ধান্ত ছিল এই প্রস্তাবে সম্মতি জানানো।
জানা গিয়েছে, ১২ জুন আমেরিকাতেই তাঁদের বাগ্দান সম্পন্ন হয়েছে। মাইল্স হলিউডের সঙ্গে যুক্ত এবং সিনেমার কালারিস্ট ও চিত্রগ্রহণের কাজে যুক্ত রয়েছেন। দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে তাঁরা জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। বাগ্দানের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরে উঠেছে তাঁদের সোশ্যাল মিডিয়া।
মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালীর সংসারে তিন পুত্রসন্তান রয়েছেন। পরে তাঁদের পরিবারে আসে দিশানী। বহু বছর আগে কলকাতার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এক শিশুকন্যার খবর জানতে পারেন মিঠুন। সেই সময় থেকেই শিশুটিকে নিজের পরিবারের সদস্য করে নেওয়ার ইচ্ছা তৈরি হয় তাঁর।
আরও পড়ুনঃ তৃণমূল কাউন্সিলরের অফিসে কী চলত আড়ালে? ক*ন্ডোম, ম্যাসাজ মেশিন ও চাকরির তালিকা উদ্ধারের দাবিতে অনন্যা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বি*স্ফোরক প্রশ্ন!
পরবর্তীতে সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দিশানীকে দত্তক নেন মিঠুন ও যোগিতা। ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই বিদেশে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন দিশানী। অনেক দিন ধরেই বলিউডে তাঁর অভিষেক নিয়ে আলোচনা চলছে, যদিও কোন ছবির মাধ্যমে তাঁকে দেখা যাবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।






