বিয়ে দিয়েই বাজিমাত, ফের টিআরপির শীর্ষে ‘মোহর’, ভালো ফল ‘খড়কুটো’-এরও

এরকমই যে কিছু একটা হবে, তা জানাই ছিল। সেই ঘটনাই সত্যি হল। এই সপ্তাহের টিআরপির তালিকায় বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল না। গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও টিআরপির তালিকার প্রথম তিন স্থানে রইল ‘মোহর’, ‘করুণাময়ী রাণী রাসমনি’ ও ‘খড়কুটো’।

মাত্র কয়েক চুল পয়েন্টের ফারাক, বলা যেতে পারে উনিশ-বিশ। ‘মোহর’ ধারাবাহিকের ফের শীর্ষে থাকার কারণ নিঃসন্দেহে শঙ্খ স্যারের বিয়ের চাঞ্চল্যকর মুহূর্ত। এর জেরেই এই সপ্তাহেও দর্শক টানতে পেরেছে এই ধারাবাহিক। টিআরপির রেটিং তালিকায় ১০.৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে থাকছে ছাত্রী ও স্যারের প্রেমকাহিনীর গল্প ‘মোহর’। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপির দিক দিয়ে দ্বিতীয় স্থানে ব্যাটিং করছেন রানিমা। ১০.২ পয়েন্ট রয়েছে রানিমার ঝুলিতে।

অন্যদিকে, ফের একবার নিজেকে তৃতীয় স্থানে ধরে রাখতে পেরেছে গুনগুন। ১০.০ পয়েন্ট নিয়ে আরও একবার তৃতীয় স্থান দখল করেছে ‘খড়কুটো’। তবে এর পিছনেও যে গুনগুন ও সৌজন্যের বিয়ের প্লটই রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে, টাইম লিপ নিয়েছে কৃষ্ণকলি। ১৮ বছর এগিয়ে গিয়েছে গল্প। এই দিয়েও বেশ ভালোই দর্শক টানছে কৃষ্ণকলি। এই সপ্তাহেও নিজের চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও যৌথভাবে পঞ্চম স্থান দখল করেছে ‘শ্রীময়ী’ ও ‘সাঁঝের বাতি’। ৮.৯ পয়েন্ট এই সপ্তাহে রয়েছে তাদের সংগ্রহে।

টিআরপির প্রথম দশের তালিকায় আর কোন ধারাবাহিক কোন স্থান পেল, আসুন দেখে নিই।

৮.৮ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থান পেয়েছে ‘যমুনা ঢাকি’। এরপরই রয়েছে ‘আলোছায়া’, ৭.১ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে এই ধারাবাহিক। ৭.০ পয়েন্ট পেয়ে অষ্টম স্থান দখল করেছে ‘ভাগ্যলক্ষ্মী’। নবম স্থানে রয়েছে জি বাংলার ‘সা রে গা মা পা’ ৬.৮ পয়েন্ট নিয়ে। এরপর ৬.১ পয়েন্ট নিয়ে যৌথভাবে দশম স্থান পেয়েছে ‘জীবনসাথী’ ও ‘মহাপীঠ তারাপীঠ’।

RELATED Articles