ড্রাগ পার্টিতে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান! শনিবার রাতে বিলাসবহুল ক্রুজ পার্টি থেকে এনসিবির হাতে আটক শাহরুখ-পুত্র! চলছে জিজ্ঞাসাবাদ

গত বছর থেকে মাদক কাণ্ডে বলিউডের সংযোগ নিয়ে তোলপাড় গোটা দেশ। যেই তালিকার নাম উঠে এসেছে বড় বড় অভিনেত্রী-সহ অনেকেরই। এবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসারের হাতে ধরা পড়লেন বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শেষমেষ মুম্বাইয়ের ড্রাগ মামলায় নাম জরালো কিং খানের ছেলের। ইতিমধ্যেই এনসিবির তরফ থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গিয়েছে।

এর আগে বলিউডের অনেক স্টার কিডের নাম মাদক মামলার সঙ্গে জড়িয়েছে। এমনকি গত বছরই এনসিবির জেরার মুখে পড়েছিলেন সইফ কন্যা সারা আলি খান। এবার সেই তালিকায় নাম জুড়ল কিং খানের পুত্রের। প্রসঙ্গত জানা গিয়েছে, শনিবার রাতে মুম্বাইয়ে একটি ক্রুজ জাহাজকে আটক করা হয়। এনসিবির কাছে খবর ছিল, সেখানে বড়োসড়ো রেভ পার্টির আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন কিং খানের পুত্র আরিয়ান খানও। কিন্তু হঠাৎ এরকম একটি পার্টিতে তিনি উপস্থিত হলেন কী ভাবে? তবে কী এই চক্রের সঙ্গে তিনিও জড়িত? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে এনসিবি। এই বিষয়ে এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, “এই মুহূর্তে কোনো মামলা দায়ের করা হয়নি বা গ্রেফতার করা হয়নি অরিয়ানকে।”

অন্যদিকে যারা ক্রুজ পার্টির পরিকল্পনা করেছিলেন, সেই ৬জন আয়োজককে এনসিবির তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে। এনসিবি সূত্রের খবর, আরিয়ানের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি তিনি মাদক নিয়েছেন কী না বা অন্যদের সঙ্গে তিনি জড়িত কী না? তা নিয়ে চলছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে কিং খানের ছেলের ফোনের চ্যাট। শাহরুখ-গৌরির প্রথম সন্তান আরিয়ান। তাঁর নাম সামনে আসাতে হতবাক হয়েছে গোটা ইন্ডাস্ট্রি।এমনকি জানা গিয়েছে, মুম্বাইয়ের এই ক্রুজ পার্টিতে যোগ দিতে দিল্লি থেকে এসেছিলেন তিনজন মেয়ে। তাঁদেরও আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।

জানা গিয়েছে, সেই পার্টিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ীর মেয়েরাও। শনিবার রাতে অভিযান চালিয়ে সকলকে আটক করা হয়। বলিউড, ফ্যাশন এবং বিজনেস টাইকুনের ঘনিষ্ঠরা যোগ দিয়েছিলেন সেই পার্টিতে। মূলত ‘মিউজিক্যাল ভ্রমণ’-এর জন্য রওনা দেওয়ার কথা ছিল এই ক্রুজের। সেখানেই হানা দিয়ে এনসিবি মাদক বাজেয়াপ্ত করে। আগেই তাঁদের কাছে খবর ছিল যে, এই পার্টিতে ব্যবহার করা হবে নিষিদ্ধ মাদক। জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে শনিবার যাত্রীদের ছদ্মবেশে ক্রুজে উপস্থিত হয়েছিল এনসিবি।

মুম্বাই উপকূল ছেড়ে যখনই ক্রুজ মাঝ সমুদ্রে পৌঁছায় তখনই রেভ পার্টি শুরু হয়েছিল। এমনিতে দুপুর ২টোয় ক্রুজটি ছাড়ার কথা ছিল এবং ৪ অক্টোবর সকাল ১০টায় তা ফেরার কথা ছিল।Cray’Ark নামে এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া। সঙ্গে ছিল ভারতীয় ক্রুজ লাইনার Cordelia। প্রথম দিনের জন্য এই ক্রুজে ডাকা হয়েছিল মিয়ামির বিখ্যাত ডিজে স্ট্যান কোলভের সঙ্গে বুলজে, ব্রাউন কোট এবং দীপেশ শর্মাকে।

এরপর দ্বিতীয় দিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত অতিথিদের জন্য একটি FTV পুল পার্টির আয়োজন করা হয়েছিল। পুল পার্টি চলাকালীন, আইভরি কোস্টের ডিজে রাউল কে, ভারতীয় ডিজে কোহরা এবং মরক্কোর শিল্পী কায়েজারের পারফর্ম করার কথা ছিল এবং রাত ৮টার পর এফটিভির শ্যাম্পেন অল-ব্ল্যাক পার্টির আয়োজন করা হয় বিশেষ অতিথিদের জন্য। আবার সেই রাতেই ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত HOSH স্পেস মোশন এবং অন্যান্যদের ইলেকট্রনিক মিউজিক সার্কিটগুলি অতিথিদের জন্য পরিবেশনের কথা ছিল।

কিন্তু সবই এখন অতীত। এনসিবির জেরার মুখে পড়ে গিয়েছে এই পার্টির আয়োজক-সহ পার্টিতে উপস্থিত সকল অতিথিরা। সেই অতিথিদের তালিকার মধ্যে নাম উঠে এসেছে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানেরও। তবে এই মুহূর্তে এই বিষয়ে কিং খানের পরিবারের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। বাকিটা এনসিবির তদন্ত এগোলে বোঝা যাবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles