অরুনিতা কাঞ্জিলাল, নামটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাঁকে নিয়ে নেটিজেনদের উৎসাহের শেষ নেই। নানান পোস্টে মাঝেমধ্যেই উঠে আসে বনগাঁর এই বাঙালি মেয়েটির নাম। তবে শেষ পর্যন্ত কী অরুনিতা জয়ী হতে পারবে প্রতিযোগিতায়? এখন সেই জল্পনাই চলছে চারিদিকে।
অরুনিতা এর আগে ২০১৩ সালে জি বাংলার ‘সা রে গা মা পা লিটল চ্যাম্প’-এ অংশ নেন। সেখানে জয়ী হয়েছিলেন তিনি। আর এখন ইন্ডিয়ান আইডলে তিনি ছ’জন ফাইনাল প্রতিযোগীর একজন। বনগাঁর এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিনি। তাঁর বাবা পেশায় শিক্ষক ও মা গৃহবধূ। বনগাঁর কুমুদিনী গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন অরুনিতা। ছোটো থেকেই গানের প্রতি বিশেষ মোহ ছিল তাঁর।
ছোটবেলায় তাঁর গানের হাতেখড়ি হয় মামার কাছে। পরবর্তীকালে তিনি পুনের রবীন্দ্র গাঙ্গুলীর কাছে গানের তালিম নিতে শুরু করেন। রেখাজি থেকে শুরু করে এ. আর. রহমান, প্রত্যেকেই তাঁর গানে মুগ্ধ হয়েছেন। এত ছোটো বয়সে অসাধারণ গান গেয়ে বিচারকমণ্ডলীর সঙ্গে সঙ্গে নেটিজেনদেরও মন জয় করে নিয়েছেন অরুনিতা। সাবলীল ভাষায় তিনি যে এত সুন্দর গান করেন, তা সত্যিই চমকপ্রদ।
আরও পড়ুন- ৭৫ তম স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ কলাকুশলীদের, গানের মাধ্যমে ঐক্যের বার্তা ৭৫ জন শিল্পীর
তবে জল্পনা যাই থাকুক, অরুনিতার এলাকার প্রতিবেশীরা কিন্তু ধরেই নিয়েছেন যে অরুনিতাই চ্যাম্পিয়ন হচ্ছেন। তাদের মতে, অরুনিতা প্রথম থেকেই যেভাবে পারফর্ম করে আসছে, তাতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সে-ই এগিয়ে রয়েছে।
প্রতিবেশীদের মতে, অরুনিতা খুবই ভালো মেয়ে ও অত্যন্ত পরিশ্রমী। ছোটো থেকেই সে নিজেকে এমনভাবে তৈরি করেছে যে জয়ী হওয়ার দৌড়ে তাঁকে আটকায় কার সাধ্যি।
গোটা পাড়া অরুনিতার পোস্টারে ছেয়ে গিয়েছে। প্রতিবেশীদের মতে, অরুনিতা শুধু বনগাঁরই নয়, গোটা দেশের গর্ব। আর মাত্র কিছু ঘণ্টা বাকী ফাইনালের। অরুনিতার সমর্থনে প্রচার চালাচ্ছেন বনগাঁর মানুষ। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই জানা যাবে কে হতে চলেছে পরবর্তী ইন্ডিয়ান আইডল।





