Video: শঙ্খ স্যারের বিয়ের অনুষ্ঠানে গণআন্দোলনের গান ধরল মোহর, তীব্র হাসির খোরাক সোশ্যাল মিডিয়ায়

বাঙালীর বিভিন্ন আন্দোলনের সঙ্গে যে গানটি সবার মধ্যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, তা হল সলিল চৌধুরির লেখা, ‘পথে এবার নামো সাথী” গানটি। বাহাত্তরের জন আন্দোলনে যেসমস্ত বিপ্লবী প্রাণ দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে এই গান বেঁধেছিলেন সলিল চৌধুরী। বিপ্লবীদের ভাষা ও প্রতিবাদের আগুন ঝলসে উঠে এই গানের মধ্যে। কিন্তু বিয়ের আসরে এই গান? তা একটু বাড়াবাড়ি হল কি না। অন্তত নেটিজেনদের তো তাই ধারণা। কোনও আনন্দ উৎসবে, অন্তত বিয়ের উৎসবে, এই গান একেবারেই বেমানান।

এমনই এক দৃশ্যের দেখা মিলেছে মোহরের শঙ্খ স্যারের বিয়েতে। শিক্ষক ও ছাত্রীর প্রেমের কাহিনী দিয়ে তৈরি স্টার জলসার ধারাবাহিক ‘মোহর’। ইতিমধ্যেই মন্দিরে নিজেদের বিয়ের পর্ব সেরে ফেলেছে শঙ্খ ও মোহর। কিন্তু শঙ্খের জেঠুমনির কথা মেনে নিজের ভালবাসাকে বিসর্জন দিয়েছে মোহর। এর মধ্যে নানা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এই ধারাবাহিকে। নিজের বিয়েতেই না জেনে উপস্থিত হয়েছে মোহর। আসলে, সে জানে শঙ্খ স্যারের সঙ্গে শ্রেষ্ঠা ম্যামের বিয়ে হচ্ছে। এই গোলমেলে এক পরিস্থিতিতে বিয়ের আসরে মনের ব্যাথায় মোহর “পথে এবার নামো সাথী” গানটিই ধরল। তার শঙ্খ স্যারের নাকি এই গানটি খুব পছন্দের। তবে বিয়ের অনুষ্ঠানে কোনও রোম্যান্টিক বা বিয়ের গান না গেয়ে একেবারে গণআন্দোলনের গান, এই বিষয়টি হজম করতে খানিক সময় লাগছে দর্শকের।

ইতিমধ্যেই, এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। কেউ কেউ লিখেছেন, “বিয়ে তাও তো এক ধরণের আন্দোলন, পথে নেমে দুজনে পথ চিনবে”। আবার কেউ লিখেছে, “প্রথমে ভেবেছিলাম কোনও রাজনৈতিক দলের মিছিল, পরে দেখলাম বিয়ে”।

উল্লেখ্য, ২৪শে নভেম্বর মঙ্গলবার ‘মোহর’-এর এই এপিসোড সম্প্রচারিত হয়েছে। এরপর থেকেই হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিরিয়ালের ভক্তরা অবশ্য বেজায় খুশি কারণ গতকালের এপিসোডেই সব বাধা ভেঙে মোহরকে সত্যিটা বলে দিয়েছে শঙ্খ। অর্থাৎ, মোহর এখন জেনে গিয়েছে যে শ্রেষ্ঠা ম্যাম নয়, ফের একবার তার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছে শঙ্খ। শঙ্খ-মোহরের এই মহামিলন পর্বের জন্যই তো এতদিন অপেক্ষায় ছিল দর্শক।

আরও অন্যান্য খবর