তান্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় নিভার! চেন্নাই এবং পার্শ্ববর্তী অঞ্চলে মৃত্যু পাঁচজনের!

এবারের ঘূর্ণিঝড় আঘাত হেনেছে তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায়। অত্যন্ত সর্তকতা অবলম্বন করার পরেও ঘটেছে মৃত্যু। অতি প্রবল ঘূর্ণিঝড় ‘নিভার’-এর দাপটে তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর অতিরিক্ত চিফ সেক্রেটারি অতুল্য মিশ্র।

তবে সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, চেন্নাই এবং পার্শ্ববর্তী এলাকায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর অতিরিক্ত চিফ সেক্রেটারিকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এখনও পর্যন্ত তামিলনাড়ুতে তিনজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও তিন।

ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০১ টি কুঁড়েঘর। উপড়ে যাওয়া ৩৮০ টি গাছকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পরিষেবা পুরোপুরি ফিরে এসেছে। চেন্নাই-সহ তামিলনাড়ুর একাধিক জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছে। কোথাও কোথাও অটো বা গাড়ির উপরে ভেঙে পড়েছে গাছের ডাল।

ছবিটা একই রকম পুদুচেরিতেও। বৃহস্পতিবার পুদুচেরি এবং শহরতলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপড়ে গিয়েছে গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের খুঁটি। নীচু জায়গাগুলির অধিকাংশ জলের তলায় চলে গিয়েছে। তবে কেন্দ্রশাসিত অঞ্চলের কোথাও এখনও প্রাণহানির খবর মেলেনি। বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে পুদুচেরিতে ২৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অধিকাংশ আবাসনে জল জমে গিয়েছে। ফলে বাড়িতেই আটকে পড়েছেন মানুষজন।

তবে নিভারের গতিবিধি সম্পর্কে মৌসম ভবন এর সাম্প্রতিক বুলেটিন জানানো হয়েছে, তামিলনাড়ুতে ইতিমধ্যে ঝড়ের দাপট কমেছে। কয়েকটি অংশে অবশ্য ভারী বৃষ্টিপাত হচ্ছে। মৌসম ভবনের সাম্প্রতিক বুলেটিনে জানানো হয়েছে, শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পড়েছে ‘নিভার’। আপাতত সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পরবর্তী ছ’ঘণ্টায় তা আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। বৃহ্স্পতিবার রাতের মধ্যে তা নিম্নচাপ হয়ে যাবে।

RELATED Articles