মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদন জানানো হয়েছিল বিজেপির তরফে। সেই মামলার শুনানিতেই মুকুল রায়ের আইনজীবীর মন্তব্যকে ঘিরে এখন রাজ্য রাজনীতিতে আলোচনা তুঙ্গে।
মুকুল রায়ের আইনজীবী দাবী করেন, “মুকুল রায় বিজেপিতেই আছেন, তৃণমূলে যোগ দেন নি”। আজ, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে শুনানিতে এমন দাবী করে বসেন তিনি। তাঁর এই মন্তব্যকে আইনি পথে বিরোধিতা জানানো হবে বলে দাবী বিজেপির।
গত ২০১৭ সালের নভেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। এর কিছু বছর পর তাঁর ছেলে শুভ্রাংশুও দলবদল করে গেরুয়া শিবিরে যান। ২০২০ সালে দলের হয়ে ভাল কাজ করার পুরস্কার হিসেবে বিজেপিতে সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পান মুকুল রায়। এরপর একুশের বিধানসভা ভোটে প্রায় প্রচার ছাড়াই কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বড় ব্যবধানে বিজেপির হয়ে জিতেছিলেন মুকুল রায়।
কিন্তু ভোটের ফলাফল প্রকাশের পর হঠাৎই ফের দলবদল করেন তিনি। ফিরে যান পুরনো দল তৃণমূলে। সেই সময় তাঁকে দলে স্বাগত জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়কে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এরপরই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবী তোলে বিজেপি। এই নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবীতে কলকাতা হাইকোর্টে মামলাও করেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। এই মামলা যায় সুপ্রিম কোর্ট পর্যন্তও।
আজ, শুক্রবার বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানি হয়। আজকের শুনানিতে ছিলেন না মুকুল রায়। তবে তাঁর আইনজীবী অদ্ভুত দাবী করেন। তিনি বলেন, “বিজেপি ছেড়ে তৃণমূলে কোনওদিন যোগই দেননি মুকুল রায়”। কেন মুকুল রায়ের আইনজীবী এমন দাবী করলেন, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।





