করোনা ধীরে ধীরে গ্রাস করছে গোটা বিশ্বকে। মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিন। ভারতে এই সংখ্যা হাজার ছুঁইছুঁই। পশ্চিমবঙ্গেও মৃত্যু সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যে লকডাউন বাড়তে চলেছে। এই অবস্থায় ঘরবন্দি মানুষদের সচেতন করতে নতুন শর্ট ফিল্ম নিয়ে আসছে ইউনিটি পিকচার্স। শর্ট ফিল্মটির নাম ‘হ্যাঁচ্চো’ (Hakchhoooo)! হ্যাঁ, করোনার সময় মানুষের হাঁচি নিয়ে বিড়ম্বনার উপর ভিত্তি করে এই শর্ট ফিল্ম বানিয়েছেন ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এই শর্ট ফিল্মের অফিশিয়াল পোস্টার ও টিজার সামনে এল।
সেখানেই দেখা গেল সামাজিক সচেতনতামূলক এই ছবির একঝলক। বিভিন্ন মানুষ হাঁচি দিচ্ছেন। গল্পটা ঠিক কীরকম? জানা গেল, গল্পের প্লট এই লকডাউনে গৃহবন্দি এক পরিবারকে নিয়ে। সেই পরিবারের একজন বাজার যাওয়ার আগে হাঁচি দেয়, তাতে পরিবারের সবাই ভয় পেয়ে যায়, বোধহয় তার করোনা হয়েছে। এরপরেই গল্পে আসে টুইস্ট।
অভিনয়ে রয়েছেন দেবপ্রিয়া চক্রবর্তী, রাজীব বিশ্বাস, সুবীর বিশ্বাস,শৌনক রায়, গৌতম চক্রবর্তী, দেবস্মিতা চক্রবর্তী ও প্রদীপ মাইতি।
চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে এই শর্ট ফিল্মটি। এই করোনা আবহে এইরকম সচেতনতামূলক ছবি দরকার। সামাজিক দূরত্ব বজায় রাখাই যে একমাত্র মুশকিল আসান তাও এই ছবিটি তুলে ধরবে। টিজার দেখে এটুকু বোঝা যাচ্ছে মজাদার কিছু উপহার দিতে চলেছেন পরিচালক। ইতিমধ্যেই এই টিজার দেখে ফেলেছেন বহু মানুষ। আগামীকালই মুক্তি পেতে চলেছে এই শর্ট ফিল্ম।





