সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের (Disha Salian) অস্বাভাবিক মৃত্যু নিয়ে ফের উঠে এলো নতুন বিতর্ক। প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক নীতিশ রানে (Nitish Rane)। ৮ই জুন আত্মহত্যা করেন দিশা। যদিও অনেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে মানতে নারাজ। এর ছয়দিন পরেই সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু তুলে দেয় প্রচুর প্রশ্ন।
দিশার পরিবার থেকে বারংবার বলা হয়েছে যে, তাদের মেয়ে আত্মহত্যা করেছেন, তাকে খুন করা হয়নি। কিন্তু সুশান্তের মৃত্যুর পর বিভিন্ন তত্ত্ব ও তথ্য উঠে আসায় দিশার মৃত্যু নিয়ে ঘনিয়েছে ধোঁয়াশা।
নীতিশের বক্তব্য, ৮ই জুন মুম্বইয়ের জুহুতে পার্টিতে হাজির হন দিশা। পার্টি শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ ১০০ নম্বরে ফোন করেন। কেন দিশা পুলিশের সাহায্য চাইলেন প্রশ্ন তুলেছেন এই বিজেপি বিধায়ক।
এছাড়াও ওই দিন রাত সাড়ে আটটা নাগাদ দিশা সালিয়ানের মোবাইল থেকে শেষ ফোন করা হয় কিন্তু ফোন বন্ধ করা হয় ভোর সাড়ে চারটে নাগাদ। অর্থাৎ এই সময়টুকু দিশার মোবাইল কেউ না কেউ ব্যবহার করেছিলেন বলে দাবি করেছেন নীতিশ।
এছাড়াও দিশার বন্ধু রোহন রাইকে যাতে নিরাপত্তা দেওয়া হয়, সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠান নীতিশ রানে। দিশার মৃত্যুর পর রোহনের প্রাণ সংশয় হতে পারে এই আশংকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন নীতিশ দাবি করেছেন এমনটাই।






