ভারতের মাটিতে বুলেট ট্রেন চালানো কোনওভাবেই সম্ভব নয়, সংসদে দাঁড়িয়ে সুর সপ্তমে চড়িয়ে বললেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। দেশে বুলেট ট্রেন চালানোর প্রস্তাবের বিরোধিতা করে সাংসদ-অভিনেত্রী দাবী করেন যে ভারতীয় মাটি বুলেট ট্রেনের ভার বহন করতে পারবে না।
সংসদের বাজেট অধিবেশনে ভারতে বুলেট ট্রেন চালানো যাবে কী না, তা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে তর্কে জড়ান তৃণমূল সাংসদ। নুসরত জাহান সংসদে দাঁড়িয়ে বলেন যে কেন্দ্র সরকার ভারতে বুলেট ট্রেনের করিডর তৈরি করতে চায়। কিন্তু ভারতের মাটি বুলেট ট্রেন চালানোর পক্ষে উপযোগী নয়। কারণ দেশের মাটি বুলেট ট্রেনের ভার বহন করতেই পারবে না।
তৃণমূল সাংসদের এমন মন্তব্যের বিরোধিতা করে রেলমন্ত্রী বলেন, “এটা অত্যন্ত লজ্জার কথা। যারা মা মাটি মানুষের কথা বলে, তারা মায়ের উপরেও ভরসা করে না, মাটির উপরেও ভরসা করে না। যারা বলে দেশের মাটিতে বুলেট ট্রেন চলতে পারবে না তাদের লজ্জা হওয়া উচিত। আমাদের উচিত নিজেদের ইঞ্জিনিয়ারদের ক্ষমতার উপরে ভরসা রাখা। আর কতদিন আমরা বিদেশিদের উপরে ভরসা করব”?
এই ভিডিওটি শেয়ার করে আবার নুসরত পাল্টা লেখেন, “জাপানের মতো ভারতেও বুলেট ট্রেন চালানোর স্বপ্নটা দেশের জন্য ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়। ভারতের মাটিতে এই ধরনের ট্রেনের ট্র্যাক পাতা সম্ভব নয়। এটা বিজ্ঞান। পথসভায় বক্তৃতা দেওয়া হয় না”।
বলে রাখি, সংসদে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকেই নুসরত গিয়েছিলেন দিল্লির হজরত নিজামুদ্দিন দরগায়। সেই ভিডিও-ও শেয়ার করেছিলেন তিনি। এদিন তাঁকে দেখা গিয়েছিল সবুজ রঙা সালোয়ার কামিজ ও মাথায় ওড়না ঢাকা দিয়ে। দরগাত্য গিয়ে নামাজ পড়ে দোয়া প্রার্থনা করেন তিনি। নিয়মমাফিক ধাগাও বাঁধেন সাংসদ-অভিনেত্রী। এরপর কিছু দুঃস্থ শিশুদের মধ্যে ফল বিতরণ করতেও দেখা যায় তাঁকে।
সেই ভিডিও শেয়ার করে নুসরত লিখেছিলেন, “আমাদের কাছে বিশ্বাস ছাড়া আর কিছুই নেই। আর আমাদের প্রয়োজন আস্থা রাখা। বিশ্বাস বজায় রাখা। ভালবাসা ও ইতিবাচকতা ভাগ করে নিলাম। ঈশ্বর তাঁর আশীর্বাদ বর্ষণ করুন আমাদের উপরে”।





