‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূলের, এবার পাল্টা জবাব দিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী

তৃণমূল মুখপাত্র সকেত গোখেল ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও এই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে কটাক্ষ করে একটি টুইট করেছিলেন। এবার সেই টুইটের পাল্টা জবাব দিলেন পরিচালক নিজেই।

সকেত গোখেল লিখেছিলেন যে বিবেক অগ্নিহোত্রী নিজেই সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। এই কারণে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি কোনও কাটছাঁট না করে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। তিনি এও লেখেন যে একাধিক বিজেপি শাসিত রাজ্যে এই ছবিকে করমুক্ত করা হয়েছে। এমনকি, এই ছবি দেখার জন্য সরকারি কর্মীদের ছুটিও দিয়েছে অসম সরকার। তৃণমূল মুখপাত্রের মতে, এই ছবি পুরোপুরিই বিজেপির প্রোপাগান্ডা।

এরপরই তৃণমূল মুখপাত্রের এই টুইটের পালটা জবাব দেন পরিচালক নিজেই। তিনি টুইট করে লেখেন, “ভুয়ো খবর দেওয়া বন্ধ করুন। অন্তত মৃতদের তো শ্রদ্ধা করুন। এদিকে একাধিক রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে কয়েকটি জায়গায় সেন্সর বোর্ড কাঁচি চালিয়েছিল”।

বিবেক অগ্নিহোত্রী জানান, জাতীয় পতাকা মাটিতে পড়ে থাকার একটি দৃশ্য ছিল ছবিতে। সেই দৃশ্য বাদ দেওয়ার প্রস্তাব রেখেছিল সেন্সর বোর্ড। এক জঙ্গির বাড়িতে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি থাকার দৃশ্য ছিল। কিন্তু সেটাও বাদ দেওয়া হয়েছে। এমনকি, পণ্ডিত ও হিন্দু শব্দটি যেখানে অত্যন্ত রূঢ়ভাবে উচ্চারণ করা হয়েছিল সেই দৃশ্যগুলিতেও কাঁচি চালানো হয়েছে।

বিবেক অগ্নিহোত্রী আরও জানান যে ছবির একটি দৃশ্যে জেএনইউ শব্দটি ব্যবহার করা হয়েছিল। কিন্তু পরে তা বাদ দিয়ে এএনইউ করা হয়।

‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে নানান বিতর্ক। একদিকে যেমন বক্স অফিসে এই চূড়ান্ত সাফল্য পেয়েছে, তেমনই আবার এই ছবিকে নিয়ে সমালোচনাও করা হয়েছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর মতে, ইতিহাসে কাশ্মীরি পণ্ডিতদের গুরুত্ব বোঝার জন্য এই ছবি দেখা উচিত।

RELATED Articles