আজকাল রান্নাঘরের বাসন-কোসন নিয়ে লড়াই করছে বলিউডের তাবড় তাবড় তারকারা। আদতে সম্প্রতি টিভির পর্দায় শুরু হয়েছে ‘স্টার ভার্সেস ফুড’। এই শোয়ের কারণে নানান সময় নানান তারকাদের কাল ঘাম বেরিয়ে যাচ্ছে খাবার বানাতে গিয়ে। এই শো বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার তার আগাম পর্বে রকমারি খাবার বানাতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরকে।
তবে বলিউডের এই জনপ্রিয় তারকার সঙ্গে উপস্থিত থাকবেন আরবাজ খান এবং সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর ও জনপ্রিয় পরিচালক ফারহা খান। এদিন রান্নার এই শোতে এসে নিজের পুরনো দিনের কথা মনে করতে দেখা যাবে অনিল কাপুরকে। শো’তে মুম্বাইয়ের বিখ্যাত রেস্তোরাঁ সিলি-র হেড শেফ গণেশের সঙ্গে জোট বেঁধে কাজ করবেন অনিল কাপুর।
এদিন শোতে ফারহা খানের জন্য তাঁকে বানাতে দেখা যাবে ল্যাম্ব কারি রাইস, নোচি পাস্তা এবং বার্গার। পাশাপাশি এদিন রান্না করতে করতে ছোটবেলায় ফিরে যাবেন অভিনেতা। ট্যাক্সি করে শেফ গণেশের সঙ্গে মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়াবেন বলিউডের জনপ্রিয় তারকা। ট্যাক্সিতে বসে ছোটবেলার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেলে অনিল কাপুরে জানালেন, কী ভাবে কোন রাস্তা দিয়ে ট্যাক্সি চেপে তিনি এবং তাঁর পরিবার প্রায়ই যাতায়াত করতেন।
সকলের হয়তো জানা নেই, অনিল কাপুরের বাবা প্রয়াত সুরিন্দর কাপুর ছবির প্রযোজক ছিলেন বটে, কিন্তু তার আগে সেই জায়গা অর্জন করতে অনেক কঠিন সময়ের মধ্যে গিয়েছিল কাপুর পরিবার। সেই কথা শো চলাকালীন অনিল কাপুর নিজেই বলেন, ছোটবেলায় এমন সময় গিয়েছে তাঁদের পরিবারের যে তখন ট্যাক্সি চড়াও বিরাট বিলাসিতা ছিল তাঁদের কাছে।
View this post on Instagram
অভিনেতার কথায় জানা গেল, “তখন চেম্বুরের তিলক নগরে থাকতাম। আমাদের কাছে তখন কোনো গাড়ি ছিল না। বেশিরভাগ সময় যাতায়াত করতে হতো বাসে করে। ধীরে ধীরে অবস্থা একটু ঠিক হলে ট্যাক্সি করে যাতায়াত শুরু করি। সেই সময় ট্যাক্সি চড়াটাই ছিল বিশাল ব্যাপার”। জানা গেল, কাপুর পরিবারের বাড়ির কাছে এক বিরাট ট্যাক্সি স্ট্যান্ড ছিল। প্রচুর ট্যাক্সিওয়ালা আশেপাশেই থাকতেন। তাঁদের সঙ্গে যথেষ্ট সদ্ভাব ছিল অনিল কাপুরদের। বহুবার হয়েছে যে টাকা খুচরো করাতে সেই ট্যাক্সিওয়ালাদের কাছে যেতে হতো। তাই ট্যাক্সিকে ঘিরে বহু স্মৃতি রয়েছে তাঁর জীবনে।
শো’তে ফারহা খানের জন্য বেশ রসালো খাবার বানাতে গিয়ে নিজের পুরনো স্মৃতির পাতা উল্টে দেখছিলেন অনিল কাপুর। যেখানে নিজের মা-বাবার কষ্ট করে তাঁদেরকে বড় করে তোলার কথা জানালেন অভিনেতা। আজ কাপুর পরিবারের কাছে যে বিলাসিতা রয়েছে, এক সময় তা ছিল স্বপ্ন। এইসবের মাঝেই হাসি,ঠাট্টা,মজায় ভরে যাবে শো।





