সোশ্যাল মিডিয়ায় এখন সবথেকে ট্রেন্ডে রয়েছে ‘বাদাম বাদাম’ গান। তুমুল ভাইরাল হয়েছে এই গানটি। এই গান এখন নেটপাড়ার সেনসেশন বলা যেতে পারে। বীরভূমের ভুবন বাদ্যকরের এই গান এখন মানুষের মুখে মুখে।
কিছুদিন আগেই ভুবন বাদ্যকরের সঙ্গে দেখা করে তাঁকে যথাসাধ্য সাহায্য করেছিলেন ইউটিউবার স্যান্ডি সাহা। আর এবার ভুবন বাদ্যকরের যেন স্বপ্ন পূরণ হল। তাঁর সঙ্গে দেখা করলেন বিখ্যাত টলি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে ভুবন বাদ্যকরের সঙ্গে দেখা করেন বুম্বাদা।
টলি ইন্ডাস্ট্রিতে প্রসেনজিতের জনপ্রিয়তা সম্পর্কে আলাদা করে বলার কোনও প্রয়োজন পড়ে না। বিগত কয়েক দশক ধরেই তিনি মানুষকে মুগ্ধ করে আসছেন তাঁর সাবলীল অভিনয় দিয়ে। শুধু তাই-ই নয়, নানান সময় নানান অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবারেও এর অন্যথা হয়নি।
ভুবন বাদ্যকরের সঙ্গে দেখা করে ভুবনবাবুকে দিয়ে স্টুডিওতে গান রেকর্ড করানোর অফার দেন বুম্বাদা। শুধু কী তাই, ভুবনবাবু যদি চান তাহলে তাঁকে বাংলা ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগও করে দেবেন তিনি, এমনও জানান প্রসেনজিৎ। এরই সঙ্গে গায়ককে দু’লক্ষ টাকার চেক দিয়েছেন অভিনেতা। তিনি যাতে আরও বেশি সাফল্য পান, এর জন্য শুভ কামনাও জানালেন প্রসেনজিৎ।
বীরভূমের ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করে জীবন কাটান। সেই বাদাম বিক্রি করতে করতেই নিজেই গান বাঁধেন তিনি। তাঁর সেই ‘আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’ গানটি ব্যাপক ভাইরাল হয়। এই গান ব্যবহার করেই অনেকেই অনেক টাকা রোজগার করেছেন। কিন্তু ভুবন বাদ্যকরের ভাগ্যে কিছুই জোটে নি। এই কারণে তাঁর গানের কপিরাইট দাবী করে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর নিজের প্রাপ্য সম্মান ও টাকা পান তিনি।





