Actress death : শোকের ছায়া বিনোদন জগতে! মাত্র ৩৮ বছরেই না ফেরার পথে সুশান্ত সিং রাজপুতের সহ অভিনেত্রী!

বিনোদন জগতে ফের শোকের ছায়া নেমে এল। অভিনয় জগৎ মানেই হাজারো চরিত্রের রঙে ভরপুর এক জগত। কিন্তু কখনও কখনও সেই রঙ মুছে যায় অকালেই। মাত্র ৩৮ বছর বয়সে থেমে গেল এক প্রতিভাবান অভিনেত্রীর জীবন। যাঁকে দর্শকরা চিনতেন টেলিভিশনের পর্দায় একের পর এক ভিন্ন চরিত্রে। তাঁর মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে ভক্তরা।

গত দু’বছর ধরে মারণ রোগ ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী প্রিয়া। পরিবার ও কাছের মানুষদের পাশে নিয়ে চিকিৎসা চলছিল ঠিকই, তবে শেষ পর্যন্ত সেই যুদ্ধে হার মানলেন তিনি। রবিবার ভোর চারটে নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। ছোট বয়সেই তাঁর এই অকাল প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না সহকর্মীরা।

প্রিয়া মরাঠের অভিনয় জগতে পদার্পণ হয় ‘কসম সে বিদ্যা’ ধারাবাহিকের মাধ্যমে। এর পর থেকেই একের পর এক জনপ্রিয় সিরিয়ালে দেখা যায় তাঁকে। দর্শকের কাছে তিনি বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডের সঙ্গে অভিনয় করে। সেখানে তিনি ছিলেন অর্চনার বোন বিদ্যার চরিত্রে। এরপর ‘উত্তরণ’, ‘সাথ নিভায়া সাথিয়া’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘ভাগ রে মন’ থেকে শুরু করে ‘ভারত কে বীর পুত্র: মহারানা প্রতাপ’—সবেতেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছিলেন।

অভিনয়ের পাশাপাশি পরিবারকেও গুরুত্ব দিতেন প্রিয়া। ২০১২ সালে সহ অভিনেতা শান্তনু মোঘেকে বিয়ে করেছিলেন তিনি। ‘স্বরাজ্যরক্ষক সম্ভাজি’ ধারাবাহিকের শুটিং সেটেই তাঁদের পরিচয় হয়েছিল। সেই পরিচয়ই পরবর্তীতে রূপ নেয় ভালোবাসা ও সংসারে। প্রিয়া সোশ্যাল মিডিয়াতেও ছিলেন ভীষণ সক্রিয়। প্রায় এক বছর আগে তিনি স্বামীর সঙ্গে জয়পুর বেড়াতে গিয়ে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন ভক্তদের সঙ্গে। তবে তার পর থেকে আর কোনও পোস্ট দেখা যায়নি তাঁর প্রোফাইলে।

আরও পড়ুনঃ Narendra Modi: জাতি সংঘর্ষের আড়াই বছর পর মণিপুর যাচ্ছেন মোদি! বিরোধীদের লাগাতার চাপেই কি এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী?

প্রিয়ার শেষ কাজ ছিল একটি মারাঠি ধারাবাহিক, যা গত বছরের জুনে শেষ হয়েছিল। তারপর থেকে আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি তাঁকে। সহকর্মী থেকে ভক্ত সকলের কাছেই তাঁর এই চলে যাওয়া এক গভীর শূন্যতা তৈরি করেছে। মাত্র ৩৮ বছরের জীবনে এত কম সময়ে অসংখ্য চরিত্রকে জীবন্ত করে গেছেন তিনি।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles