বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নেহা কক্কর, অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন আদিত্য নারায়ণ

অনেক জল্পনা কল্পনার পর সামনে এল আসল তথ্য, চলতি মাসের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে নেহা কক্কর। বন্ধু রোহনপ্রীত সিং-এর সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউডের বিখ্যাত গায়িকা। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির পাল ওঠে নেহার ভক্তমহলে। তাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন অনেকে।

কিছুদিন আগে রোহনপ্রীতের সঙ্গে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন নেহা। এরপরই তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে লেখেন, “চল লকডাউনের মধ্যেই বিয়ে করি, খরচা বাঁচাই”। এই ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন শুরু হয় যে নিশ্চয়ই তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন নেহা। তবে পরে অবশ্য জানা যায়, সেটি তার ও রোহনপ্রীতের নতুন মিউজিক ভিডিওর জন্যই পোস্ট করা হয়েছে। কিন্তু তাদের বিয়ের খবর একেবারেই গুঞ্জন নয়, সত্যিই বিয়ে করতে চলেছেন দুই বন্ধু, এ খবরও পরে স্পষ্ট হয়।

এরপরই শোরগোল শুরু হয় নেহা রোহনপ্রীতের বিয়েতে আদিত্য নারায়ণের উপস্থিত থাকা নিয়ে। এই বিষয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদিত্য জানান, নেহার বিয়ে হচ্ছে দিল্লিতে, তাই হয় এই মুহূর্তে তিনি মুম্বই থেকে দিল্লি যেতে পারবেন না। তার কাঁধে ক্ষত রয়েছে যার ব্যথায় তিনি কাহিল, এই পরিস্থিতিতে দিল্লি সফর করা তার পক্ষে সম্ভব নয়। এর জেরে নেহা ও রোহনপ্রীতের বিয়েতে উপস্থিত হওয়া হবে না তার। তবে বিশাল দাদলানি থেকে শুরু করে হিমেশ রেশমিয়া যে নেহার বিয়েতে উপস্থিত থাকবেন, তার আভাসও দেন আদিত্য।

প্রসঙ্গত, কিছুমাস আগে এক রিয়্যালিটি শো-এর মঞ্চে নেহা কক্কর ও আদিত্য নারায়ণের বিয়ে নিয়ে তুমুল সাড়া পড়েছিল। রব উঠেছিল খুব শীঘ্রই তাদের চার হাত এক হতে চলেছে। তাদের বিয়েতে নাকি সম্মতি জানিয়েছেন আদিত্য নারায়ণের বাবা উদিত নারায়ণও। কিন্তু পরে প্রকাশ্যে আসে, এই পুরোটাই সাজানো ঘটনা। রিয়্যালিটি শো-এর জনপ্রিয়তা ও নেহা ও আদিত্যের নতুন মিউজিজ ভিডিও-এর সম্প্রচারের জন্যই এমন ভুয়ো প্রচার করা হয়।

এদিকে নেহার বিয়ের পরপরই সাতপাকে বাঁধা পড়তে চলছেন আদিত্যও। তার প্রথম নায়িকা শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। প্রায় ১০ বছরের পুরনো তাদের সম্পর্ক। তাদের বিয়ে নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে দুই পরিবারের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে নিজেদের এই সম্পর্ক গোপন রাখেন আদিত্য ও শ্বেতা। এই সম্পর্কই এবার পূর্ণতা পেতে চলেছে।

RELATED Articles