কলকাতায় মল্লিক বাড়ির পুজো বলতে সবাই একডাকে চেনেন। প্রতিবছর অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়ির পুজো ঘিরে কত আনন্দ হয়, মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিকের সাবেক সাজে দেখতে পান সকলে। এবার যেন করোনা পরিস্থিতিতে সবকিছুই ফিকে পড়ে গিয়েছে। এর সঙ্গে মল্লিক বাড়ির সকলেই করোনা আক্রান্ত হওয়ায় এবার যথেষ্ট সাবধানী মল্লিক পরিবার কারণ পরিবারে যে নতুন সদস্যের আগমন হয়েছে।
কিন্তু পুজোর আনন্দ থেকে কি আর নিজেকে আটকানো যায়! তাইতো দশমীতে একটি স্মৃতিমেদুর ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক যেখানে দেখা যাচ্ছে দুর্গাপুজোর ভাসানে ঢাকের তালে জমিয়ে নাচছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। তবে ভিডিওটি কিন্তু এই বছরের নয়, আজ থেকে ৩২ বছর আগের। অর্থাৎ, ১৯৮৮ সালে বাড়ির পুজোর পুরনো ভিডিয়ো পোস্ট করে নস্টালজিয়ায় ভাসলেন কোয়েল। ভিডিওতে দেখা যাচ্ছে, দশমীর দিন দুর্গাকে সিঁদুরে রাঙিয়ে, মিষ্টি খাইয়ে, পান, ধান, দূর্বা দিয়ে বরণ করা হচ্ছে।
এরপরেই ঢাকের তালে তালে রঞ্জিত মল্লিককে নাচতে দেখা যাচ্ছে ভিডিওতে। সঙ্গে যোগ দিয়েছেন মল্লিক পরিবারের আরও কয়েকজন সদস্য।এই ভিডিওর অডিওটিও অরিজিনাল বলে জানিয়েছেন কোয়েল।
জমজমাট মল্লিক বাড়ির পুজো এবার অত্যন্ত সাদামাটাভাবে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয়েছে। ক্ষেত্রফলের পোস্ট করা একটি ভিডিওতে উঠে এসেছে তার ছোটবেলার কিছু স্মৃতি যেখানে তিনি বাড়ির সামনে নর্দান পার্কের পুজো দেখতে যাওয়া, ফুচকা খাওয়ার কথা বলেছেন।
সেইসঙ্গে দশমীর দিন সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন কোয়েল মল্লিক। পোস্টে তিনি লিখেছেন, ”সকলের জীবনে আরোগ্য-শান্তি-সুখ-সমৃদ্ধি আর আনন্দ কামনা করি…বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা!ভালো থাকুন, ভালো রাখুন…শুভ বিজয়া।”





