দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী। ৭০ বছর বয়সে এই সম্মান পাচ্ছেন তিনি। এমন সম্মান পেয়ে আপ্লুত মহাগুরু। নিজের এই পুরস্কার নিজের ভক্তদের উদ্দেশে উৎসর্গ করলেন তিনি।
চলচ্চিত্র জগতে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন মিঠুন চক্রবর্তী। এরপর ‘ডিস্কো ডান্সার’ ছবিতে তাঁর সেই ডান্স, অভিনয় মুগ্ধ করে দর্শককে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক হিট সিনেমা। এবার তিনি পেলেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান।
সাধারণতন্ত্র দিবসের আগের দিন পদ্ম প্রাপকদের তালিকা প্রকাশিত হয়েছে। তাতে পদ্মভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী। এই সম্মান পেয়েই স্বভাবতই দারুণ খুশি মহাগুরু। নিজের খুশি জাহির করে তিনি বললেন, “আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি”।
মহাগুরু এও বলেন, “আমি জীবনে কখনও নিজের জন্য কারও কাছ থেকে কিছু চাইনি। আর কিছু না চেয়ে পাওয়ার যে কী আনন্দ আজকে সেটা উপলব্ধি করছি। এটা একটা অন্য ধরনের অনুভূতি”।
First Reaction of Mithun Chakraborty after getting Padma Bhushan Award #PadmaAwards2024 #PadmaBhushan pic.twitter.com/jagmeJkRw6
— Gargi Mukherjee ( Modi Ka Parivar) (@gargiMu48960835) January 26, 2024
তাঁর সংযোজন, “আমার এই অ্যাওয়ার্ডটা আমার সব ফ্যানেদের, আমার সমস্ত শুভাকাঙ্খীদের উৎসর্গ করছি, যারা ভারতে আছেন বা দেশের বাইরে আছেন। কারণ, তাঁরা এতদিন ধরে আমাকে নিঃস্বার্থ ভাবে ভাল বেসেছেন। এই সম্মান তাঁদেরই প্রাপ্য”।





