এতক্ষণে সকলেই জেনে গিয়েছেন যে আত্মহত্যায় প্ররোচনা, আর্থিক ও মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগে রিয়া চক্রবর্তী ও তার পরিবারের বিরুদ্ধে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা পাটনার রাজেন্দ্রনগর থানায় ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন। সাম্প্রতিক খবর অনুযায়ী রিয়া এই মামলা পাটনা থেকে সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছেন এবং তিনি অন্তর্বর্তীকালীন জামিনও চেয়েছেন।
এর মধ্যেই অঙ্কিতা লোখান্ডের একটি পোস্ট নিয়ে পড়ল শোরগোল। তিনি বেশ কয়েক ঘন্টা আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন যেখানে ছবিতে লেখা দুটো শব্দ, “ট্রুথ উইনস”। স্বাভাবিকভাবেই সকলেই মনে করছেন যে সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যুর পিছনে যে সত্যিটা লুকিয়ে আছে তা ধীরে ধীরে বার হয়ে আসতে চলেছে রিয়া ও তার পরিবারের গ্রেফতারের মাধ্যমে, এই ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন অঙ্কিতা। “সত্যের জয় হয়” বলে মন্তব্য করে অঙ্কিতা যেন রিয়ার বিরুদ্ধে অভিযোগে আরও বেশি করে শিলমোহর লাগিয়ে দিলেন।
২০১০ সালে পবিত্র রিস্তা সিরিয়াল এর মধ্যে দিয়ে সুশান্ত-অঙ্কিতা প্রেম কাহিনী শুরু হয়। তবে ৬ বছর পর সেই সম্পর্ক ভেঙে যায়। যদিও সুশান্ত এর মৃত্যুর পর অঙ্কিতাকে যেভাবে বিধ্বস্ত অবস্থায় সুশান্তর বাড়িতে আসতে দেখা গিয়েছে তাতে প্রায় সকলেই মনে করছেন যে তাদের প্রেম হয়েও হয়নি শেষ।





