ভুল সংশোধন করো নচেৎ কপালে বিপদ আছে! নয়াদিল্লিকে ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিল বেজিং। সম্প্রতি খবর এসেছে যে নতুন করে ৪৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ভারতকে কড়া হুঁশিয়ারি দিল চীন। এক বিবৃতির মাধ্যমে চীনা দূতাবাসের তরফে জানানো হয়, ভারতের পদক্ষেপের ফলে চীনা অ্যাপ সংস্থাগুলির অধিকার খর্ব হয়েছে। ভারতের তা সংশোধন করা উচিত।
চীন দূতাবাসের মুখপাত্র জি রং এর হুঁশিয়ারি, চীনা সংস্থাগুলির বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বেজিং। সোমবারই দ্বিতীয় দফায় ৪৭ টি অ্যাপ নিষিদ্ধ করার কথা জানায় কেন্দ্র যেগুলির ইন্টারনেটের দায়িত্বে রয়েছে বিভিন্ন চীনা সংস্থা। খুব শীঘ্রই সেই দ্বিতীয় দফার তালিকা শীঘ্রই প্রকাশ করতে চলেছে কেন্দ্র। এই তালিকার অ্যাপগুলির অধিকাংশই প্রথম তালিকায় যে অ্যাপ গুলি নিষিদ্ধ করা হয়েছিল সেগুলির ক্লোন অ্যাপ। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় সূত্র মারফত জানা গিয়েছে যে, চীন সরকারের নিয়ম অনুযায়ী এই অ্যাপগুলি ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের হাতে তুলে দিত। এর ফলে ভারতের নিরাপত্তা খর্ব হচ্ছিল। যদিও এই প্রেক্ষিতে চীনা সংস্থাগুলির হয়ে জোর সওয়াল করেন জি রং। তিনি বলেন, চিনা সংস্থাগুলি সর্বদা আন্তর্জাতিক নিয়ম ও স্থানীয় আইন ও নিয়ন্ত্রণ মেনে চলে।
চিনা মুখপাত্র যোগ করেন, ভারতে চিনা বিনিয়োগকারীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করাটা দায়িত্ব সেদেশের সরকারের। কারণ, তারা ভারতের সব শর্ত মেনেই সেখানে ব্যবসা করছে। তিনি বলেন, কার্যকারী সহযোগিতার মাধ্য়মে ভারত ও চিন পারস্পরিকভাবে উপকৃত হবে। প্রসঙ্গত, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর বর্বরোচিত হামলায় ২০ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। চরমে ওঠে ভারত-চিন সীমান্ত সংঘাত। এই ঘটনার প্রতিবাদে চিনা পণ্য প্রত্যাখ্যানের ডাক ওঠে দেশজুড়ে। চিনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত।






