বহুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন চলছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর ( Ritabhari Chakraborty )প্রেম নিয়ে। ‘বহুরূপী’ ছবির গান মুক্তির দিনই প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। তবে সেইসময় প্রেমিকের নাম জানাননি অভিনেত্রী। ছবির প্রচারের ব্যস্ততায় প্রেমিকের কাছে যেতে পারেননি বলেও জানিয়েছিলেন ঋতাভরী। পাশাপাশি ইঙ্গিত দিয়েছিলেন প্রেমিক মুম্বইয়ের বাসিন্দা। ছবির প্রিমিয়ারেও তাঁদের একসঙ্গে হাত ধরে হলে ঢুকতে দেখা গিয়েছিল। কিন্তু রহস্যের জট খোলেনি তখনও।
অবশেষে আলোর উৎসবে সেই গুঞ্জনে পূর্ণচ্ছেদ টানলেন ঋতাভরী। সমাজ মাধ্যমে নিজের প্রেমিকের পরিচয় প্রকাশ করলেন তিনি। বলিউডের জনপ্রিয় লেখক সুমিত অরোরার সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “তুমি আমার শান্তির জায়গা। আমার প্রিয় বন্ধু, প্রিয় মানুষ।” এই পোস্টে ঋতাভরীকে দেখা গেল হলুদ শাড়িতে, আর সুমিত ছিলেন সাদা পাঞ্জাবিতে। দু’জনের মুখে ঝলমলে হাসি দেখে তাঁদের ভালোবাসার রসায়ন আরও স্পষ্ট হয়ে উঠল অনুরাগীদের কাছে।
প্রেমিক সুমিত অরোরা বলিউডের বেশ কিছু জনপ্রিয় ছবির সংলাপ লেখক। তাঁর কাজের তালিকায় রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’, রাজকুমার রাওয়ের ‘স্ত্রী’, এবং ‘চন্দু চ্যাম্পিয়ান’-এর মতো সিনেমা। এছাড়া ‘ফ্যামিলি ম্যান’-এর মতো সুপারহিট সিরিজেও সংলাপ লিখেছেন তিনি। সেই খ্যাতনামী লেখকের সঙ্গেই এখন ঋতাভরীর প্রেমের গুঞ্জন সত্যি বলে প্রমাণিত হল।
তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ঋতাভরী নতুন প্রেমে পড়েছেন এমন খবর টলিপাড়ায় আগেই ছড়িয়েছিল। কিন্তু এতদিন তা নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। দীপাবলির দিন সুমিতের সঙ্গে ছবি ভাগ করে সকলের সামনে তাঁদের সম্পর্কের সিলমোহর দিলেন তিনি। এই ছবির ক্যাপশনে ঋতাভরীর সরল স্বীকারোক্তি তাঁদের ভালোবাসাকে আরও স্বীকৃতি দিল।
আরও পড়ুন: উইকএন্ড রসাতলে! ফের স্যাঁতস্যাঁতে শীতের সকাল! বলছে আবহাওয়ার পূর্বাভাস
ঋতাভরী-সুমিতের এই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা তাঁদের নতুন জুটি হিসেবে শুভেচ্ছা জানাতে শুরু করেন। কেউ বলেন, “এত সুন্দর দু’জনকে একসঙ্গে দেখে মন ভরে গেল।” আবার কেউ মন্তব্য করেন, “আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হোক।” দীপাবলির আলোয় ঋতাভরী যেন নিজের জীবনের নতুন আলো খুঁজে পেয়েছেন প্রেমিক সুমিতের হাত ধরে।






