বাংলা চলচ্চিত্র জগতকে সাধারণভাবে অনেকেই ‘টলিউড’ নামে চেনেন। তবে গুগলে ‘টলিউড’ লিখে খোঁজ করলে বেশিরভাগ ক্ষেত্রেই তেলুগু চলচ্চিত্র শিল্পের তথ্য সামনে আসে। এই পরিস্থিতিতেই ‘টলিউড’ এবং ‘টালিগঞ্জ ইন্ডাস্ট্রি’ শব্দবন্ধ নিয়ে নিজের স্পষ্ট মত প্রকাশ করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করে ঋত্বিক জানান, তিনি কখনও ‘টলিউড’ শব্দটি ব্যবহার করেন না। এমনকি ‘টালিগঞ্জ ইন্ডাস্ট্রি’ বলাটাও তাঁর কাছে ঠিক স্বাভাবিক মনে হয় না। অভিনেতার মতে, এই নামগুলো বর্তমান সময়ের বাংলা বিনোদন জগতের প্রকৃত পরিচয় তুলে ধরে না।
পোস্টে তিনি আরও লেখেন, এখন বাংলা সিনেমা, টেলিভিশন, ওটিটি এবং ডিজিটাল মাধ্যম মিলিয়ে অনেক বড় একটি অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। শুধু টালিগঞ্জে নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুটিং, স্টুডিও এবং প্রযোজনার কাজ হচ্ছে। তাই পুরো ইন্ডাস্ট্রিকে শুধুমাত্র একটি এলাকার নামে চিহ্নিত করা ঠিক নয় বলেই তাঁর মত।
ঋত্বিকের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেক নেটিজেন অভিনেতার বক্তব্যের সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন। তাঁদের মতে, বাংলা বিনোদন জগতের পরিধি আগের তুলনায় অনেকটাই বেড়েছে, তাই নতুনভাবে এই শিল্পকে ভাবার সময় এসেছে।
আরও পড়ুনঃ ক্যান*সার আক্রান্ত অভিনেতা রবি কিশন? নিজের রো’গ নিয়ে কী বললেন অভিনেতা?
প্রসঙ্গত, ঋত্বিক চক্রবর্তী বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ‘ফেরা’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন সঞ্জয় মিশ্র। আগামী দিনে ‘মৃগয়া ১.৫’ এবং ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ সহ একাধিক ছবিতে দেখা যাবে তাঁকে। নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করার জন্য বরাবরই পরিচিত ঋত্বিক, এবারও তার ব্যতিক্রম হল না।






