স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির জন্য প্রত্যাখান করেছেন অস্কারপ্রাপ্ত হলিউড ছবি, এ আফসোস এখনও তাড়া করে বেড়ায় রনিত রায়কে

টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন অনেক বলিউড চরিত্রে। ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ রনিত রায়। গাম্ভীর্য কোনও চরিত্রে অভিনয় করতে তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কী হলিউড থেকেও অভিনয়ের সুযোগ পেয়েছিলেন এই অভিনেতা। তাও আবার দু’বার। কিন্তু দু’বারই সেই সুযোগ থেকে মুখ ফেরাতে হয় তাঁকে। আজ ১১ই অক্টোবর, তাঁর জন্মদিনের দিন তাঁরই এক পুরনো সাক্ষাৎকারে ফিরে দেখার পালা।

২০১৮ সালে স্পটবয়কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জিরো ডার্ক থার্টিতে অভিনয়ের সুযোগ পান তিনি। কিন্তু সেই সময় ধর্মা প্রোডাকশনকে আগে থেকে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের জন্য ডেট দিয়ে ফেলায় ওই হলিউড সিনেমায় অভিনয় করার সুযোগ হাতছাড়া করেন তিনি। বিশ্বের অন্যতম কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের গোপন ডেরা খুঁজে বার করে তাকে শেষ করার বাস্তব কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল জিরো ডার্ক থার্টি। ২০১২ সালে পৃথিবীর ৯৫ জোন সমালোচকদের প্রথম দশের তালিকায় রয়েছে এই ছবিটি। স্কাই ফলের সঙ্গে যৌথভাবে সেরা শব্দ-সম্পাদনা বিভাগে অ্যাকাডেমি পুরস্কারও পায় এই ছবিটি। কিন্তু করণ জোহরের ছবির শুটিং-এ ব্যস্ত থাকায় শেষমেশ ক্যাথরিন বিগেলোর ওই ছবি থেকে পিছিয়ে আসতে হয় রনিতকে। সেই হতাশার সুর আজও বাজে অভিনেতার কণ্ঠে। সাক্ষাৎকারে তিনি বলেন, বিগেলোর ছবিতে সাড়া না দিতে পারার জন্য নিজেকেই লাথি মারার ইচ্ছে হয়েছিল অভিনেতার।

আবার পরবর্তীকালে আদালতের সিজন ১-এর শুটিং চলাকালীন হোমল্যান্ড ছবির জন্য ডাক পড়ে তাঁর। কিন্তু সেই সময় আদালতের প্রোডাকশনের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার দরুন সেই সুযোগও হাতছাড়া করেন তিনি। সেই সময় চুক্তি অনুসারে ৬ মাস তাঁর পক্ষে আফ্রিকায় গিয়ে কাটানো সম্ভব ছিল না। তবে এই ছবির জন্য পরবর্তীকালে ভারতীয় অভিনেতা সুরজ শর্মা ও নিম্রত কৌর হোমল্যান্ড ছবির জন্য আফ্রিকায় যান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের স্ট্রাগলের কথা স্বীকার করেন রনিত রায়। ১৯৯২ সালে তাঁর ডেবিউ ছবি ‘যান তেরে নাম’ সিলভার জুবিলি পার করার পরও দীর্ঘদিন কোনও কাজ পান নি তিনি। পরবর্তীকালে আর সেভাবে নিজেকে বড় পর্দায় মেলে না ধরতে পারার আক্ষেপও শোনা যায় তাঁর কথায়। তবে ছোটো পর্দায় একাধিক উল্লেখযোগ্য চরিত্রে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন রনিত। সম্প্রতি হটস্টারে ‘হস্টেজ’ নামক ওয়েব সিরিজে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা।

RELATED Articles