রুদ্রনীল ঘোষের নতুন ছবি ‘হাওয়া বদল’ সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মুনমুন সেন। এই ছবিতে অভিনয় করেছেন রাইমা সেনও। তবে ছবিতে রুদ্রনীলের বিপরীতে দেখা গেছে অনুষা বিশ্বনাথনকে। প্রিমিয়ারে ছবি দেখার পর রুদ্রনীলের অভিনয়ের প্রশংসায় ভরিয়ে দেন মুনমুন। তাঁর মন্তব্য এবং আচরণ মুহূর্তের মধ্যেই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। উপস্থিত অতিথিদের মধ্যেও বিষয়টি নিয়ে বেশ উৎসাহ দেখা যায়।
ছবি নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে মুনমুন সেন বলেন, তিনি অনেক আগেই রুদ্রনীলকে একজন অসাধারণ অভিনেতা হিসেবে মনে করেছেন। তাঁর কথায়, “ওঁকে আগেই আমি বলেছিলাম, একজন দুর্দান্ত অভিনেতা। রুদ্রনীল পুরো শরীর ব্যবহার করে অভিনয় করে।” তিনি আরও বলেন, কোনও আবেগঘন দৃশ্যে যদি রুদ্রনীলের মুখ দেখা না-ও যায়, তবুও তাঁর হাতের নড়াচড়া বা শরীরী ভাষা চরিত্রের অনুভূতি দর্শকের কাছে পৌঁছে দেয়। অভিনেতার অভিনয়ের সূক্ষ্মতা নিয়েই বিশেষভাবে মুগ্ধ হন তিনি।
মুনমুন সেন আরও বলেন, “ধরুন কাউকে জড়িয়ে ধরার একটা দৃশ্য আছে। এমন হতে পারে রুদ্রনীলের মুখ দেখা গেল না। কিন্তু ওঁর হাত ঠিক কাঁপবে।” তাঁর মতে, এই ধরনের ছোট ছোট অভিব্যক্তির মধ্য দিয়েই চরিত্রের আবেগ ফুটিয়ে তোলেন রুদ্রনীল। শুধু তাই নয়, গান গাওয়ার দৃশ্যে অভিনয়ের সময়ও তিনি চরিত্রের অনুভূতি শরীরের প্রতিটি অংশে প্রকাশ করেন। মুনমুনের ভাষায়, “রুদ্রনীল যখন গান গাওয়ার দৃশ্যে অভিনয় করে, ওঁর গলার শিরায় সেটা ফুটে ওঠে।”
রুদ্রনীলের কাজ দেখে আবেগপ্রবণ হয়ে তাঁর গালে চুমু খান মুনমুন সেন। এরপর অভিনেত্রীর সম্পর্কে রুদ্রনীলের কী মত, তা জানতে চাওয়া হলে মজার পরিস্থিতির সৃষ্টি হয়। রুদ্রনীল উত্তর দেওয়ার আগেই মুনমুন মজা করে তাঁর মুখ চেপে ধরেন। ঘটনাটি দেখে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। রুদ্রনীলও বিষয়টি উপভোগ করেন এবং হাসিমুখেই প্রতিক্রিয়া জানান। ফলে প্রিমিয়ারের এই মুহূর্তটি সবার কাছে স্মরণীয় হয়ে থাকে।

আরও পড়ুনঃ রাহুলের শুরুতেই ছিলেন, শেষেও থাকলে তিনিই! প্রয়াত অভিনেতার ফেলে যাওয়া অসমাপ্ত কাজের ভার কাঁধে তুলে নিলেন সুজন নীল! কাপা কন্ঠে আবেগঘন সমাপতনের কথা জানালেন অভিনেতা!
উল্লেখ্য, গত বছর স্বাধীনতা দিবসের সময় মুক্তি পেয়েছিল ‘ধূমকেতু’, যেখানে রুদ্রনীলের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। পরে ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবিতেও তাঁর কাজ নজর কেড়েছিল। জানা গেছে, ‘হাওয়া বদল’-এর শুটিং শেষ হয়েছিল প্রায় তিন বছর আগে। রাজ্যে নতুন সরকার গঠনের পর অবশেষে ছবিটি মুক্তি পেল। ইতিমধ্যেই অনেক দর্শক রুদ্রনীলের অভিনয়ের প্রশংসা করছেন। এদিকে ৪ মে শিবপুরের বিধায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এখন টলিপাড়ায় প্রশ্ন উঠছে, নতুন ছবির শুটিংয়ে তাঁকে আবার কবে দেখা যাবে।






