রাহুলের শুরুতেই ছিলেন, শেষেও থাকলে তিনিই! প্রয়াত অভিনেতার ফেলে যাওয়া অসমাপ্ত কাজের ভার কাঁধে তুলে নিলেন সুজন নীল! কাপা কন্ঠে আবেগঘন সমাপতনের কথা জানালেন অভিনেতা!

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবিগুলির মধ্যে অন্যতম ‘অটবি’। ছবিটির শুটিংয়ের কাজ তিনি জীবদ্দশাতেই শেষ করেছিলেন, কিন্তু ডাবিংয়ের কিছু অংশ বাকি ছিল। সেই অসমাপ্ত দায়িত্বই এবার কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে নীল জানান, এই ঘটনাকে তিনি এক অদ্ভুত সমাপতন হিসেবেই দেখছেন। তাঁর কথায়, “যেন বৃত্ত সম্পূর্ণ হল। এতটাই বেদনাদায়ক ঘটনা। এটাই বার বার মনে হচ্ছে।” রাহুলের কর্মজীবনের শুরু এবং শেষ, দুই ক্ষেত্রেই তাঁর নাম জড়িয়ে যাওয়ায় আবেগাপ্লুত অভিনেতা।

নীল মুখোপাধ্যায় জানান, রাহুলের প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’-এর সময়ও তিনি বিশেষভাবে যুক্ত ছিলেন। সেই ছবিতে রাহুলের চরিত্রের জন্য ডাবিং করেছিলেন তিনিই। অভিনেতার কথায়, “সেই সময় আমি কাজ করতে চাইনি। রাজ (চক্রবর্তী) অনেক বার বলেছিল। তখন তো রাহুলও ছোট। ওর প্রথম কাজ। তাই রাহুলের চরিত্রের জন্য পুরো ডাবিংই আমি করেছিলাম।” সেই অভিজ্ঞতার কথা স্মরণ করতে গিয়ে তিনি বলেন, তখন থেকেই রাহুলের সঙ্গে তাঁর একটি আলাদা সম্পর্ক তৈরি হয়েছিল।

সম্প্রতি ‘অটবি’ ছবির ডাবিংয়ের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে নীল বলেন, পরিচালক সাহেব চট্টোপাধ্যায় তাঁকে এই কাজের জন্য অনুরোধ করেছিলেন। তাঁর কথায়, “এ বার সাহেব (চট্টোপাধ্যায়) আমাকে বলেছিল ডাবিং করার জন্য। করলামও। মাঝে আরও একটা ছবিতে রাহুলের জন্য ডাবিং করেছি আমি।” এই কারণে রাহুল তাঁকে একাধিকবার ধন্যবাদও জানিয়েছিলেন বলে জানান অভিনেতা। সেই স্মৃতিগুলো এখন আরও বেশি করে মনে পড়ছে তাঁর।

‘অটবি’ ছবিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন মধুমিতা সরকার এবং সাহেব চট্টোপাধ্যায়। একটি মনস্তাত্ত্বিক থ্রিলার গল্পকে কেন্দ্র করেই ছবিটি তৈরি হয়েছে। ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে। নির্মাতারা গল্পের মধ্যে রহস্য ও মানসিক টানাপোড়েনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ফলে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যেও ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ ‘বিশ্বাস ব্রাদার’-এর অত্যাচারে ইন্ডাস্ট্রিতে এতদিন পা রাখতে পারেননি ‘ঝিলিক’! অবশেষে পর্দায় ফিরছেন তিথি বসু! নায়িকা হয়ে ফিরছেন নতুন ধারাবাহিকে?

ছবির শুটিংয়ের স্মৃতিচারণ করতে গিয়ে নীল জানান, বেলপাহাড়িতে এই ছবির কাজ হয়েছিল। তিনি বলেন, “অরুণোদয়ের সঙ্গে এটাই আমার শেষ কাজ। খুব ছোট থেকে রাহুলের সঙ্গে আমার আলাপ। এই ছবির সঙ্গে তাই মর্মস্পর্শী স্মৃতি জড়িয়ে আছে আমার। আরও বেশি করে তাই মন পড়ে। যত ভাবি, ততই মনখারাপ হয়।” যদিও ‘অটবি’ ছবির মুক্তির নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি, তবে জানা যাচ্ছে, চলতি বছরের মধ্যেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

আরও অন্যান্য খবর